জাদুঘরে চলছে ১৩ দিনব্যাপী বই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে চলছে বই উৎসব। এতে বইমেলাসহ থাকছে বইকেন্দ্রিক নানা কর্মসূচি। ১৩ দিনব্যাপী এই উৎসব ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

আজ বুধবার বিকেল সাড়ে চারটায় বই উৎসবে বিয়র্ন লোমবোর্গের বাংলাদেশ উন্নয়ন ভাবনার গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশ প্রায়োরিটিজ: ব্যয় এবং সুবিধার মাধ্যমে সেরা সমাধানের শ্রেণিবিন্যাস’-এর বাংলা ও ইংরেজি বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। টাইম ম্যাগাজিনের মূল্যায়নে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির একজন বিয়র্ন লোমবোর্গ। অ্যাডর্ন পাবলিকেশন লোমবোর্গের বই দুটি বই প্রকাশ করেছে।

১০টি প্রকাশনীর যৌথ আয়োজনে ১ জানুয়ারি শুরু হয় নববর্ষের বই উৎসব ২০১৭। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রথমা প্রকাশন, ডেইলি স্টার বুকস, বিশ্বসাহিত্য কেন্দ্র, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, জাগৃতি প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, পাঠক সমাবেশ কেন্দ্র ও বেঙ্গল পাবলিকেশনস। বই উৎসবে ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ে বই কিনতে পাওয়া যাবে।