জাদুঘরে জামদানি প্রদর্শনী
আঙুরলতা, তেসরি গোটা, ময়ূরকণ্ঠী, পান তেসরি, পলকাসহ নানান বাহারি নকশার জামদানি সাজিয়ে বসেছেন নারায়ণগঞ্জের তাঁতিরা। শাড়িগুলোর পাড়েরও আছে ভিন্ন ভিন্ন নাম। করলা, গুইলতা, জুইফুল, ডোরিংসহ বাহারি পাড়ের এসব শাড়ি নেড়ে-চেড়ে দেখা যাবে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর চত্বরে। গতকাল বুধবার সকালে শুরু হয়েছে ১০ দিনের বার্ষিক জামদানির প্রদর্শনী। এতে জামদানি নিয়ে এসেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতিরা। প্রদর্শনী ঘুরে দেখা গেছে, ১ হাজার ৫০০ থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত নানা দামে জামদানি শাড়ি পাওয়া যাচ্ছে।
বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত তাঁতি মো. মজিবুর রহমান জানান, আদর্শ জামদানি ১২ হাতের ওপরে লম্বা এবং চওড়া ৪৭ ইঞ্চি। শাড়ি চার হাজারের কমে কেনা উচিত নয়। কম দামের শাড়ি ব্যবহার না করে ফেলে রাখলেও ফেঁসে যায়।
তাঁতি মো. জাহাঙ্গীরের দাদার বাবার নাম আদুলি প্রধান। তিনি বুনতেন মসলিন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে জাহাঙ্গীর যুক্ত হয়েছেন জামদানি বুননে। তাঁদের রয়েছে প্রায় ১০০টি তাঁত। একটি শাড়ি নিজের শরীরে মেলে ধরে তিনি বললেন, দুজন কর্মীর দুই মাস সময় লেগেছে এর কাজ শেষ করতে। তিনি জানান, ৮৪ কাউন্টের সুতায় বোনা কাপড়গুলো সবচেয়ে ভালো।
প্রদর্শনীতে আসা ব্যাংকার হালিমা খাতুন জানালেন, মূলত সংগ্রহে রাখার জন্য জামদানি কেনেন তিনি। এসব কাপড় ধোয়া ও সংরক্ষণ পদ্ধতি ভিন্ন হওয়ায় সব সময় পরাও যায় না। ঐতিহ্যবাহী এ পোশাক উৎসবের দিনের জন্য তুলে রাখা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
প্রদর্শনী চলবে ১০ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।