জাদুঘরে তাঁর স্মৃতিচিহ্ন নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার এত বছর পরও পূর্ণাঙ্গতা পায়নি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুহুল আমিন নগরের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। জাদুঘরে বীরশ্রেষ্ঠর কোনো স্মৃতিচিহ্ন নেই। নেই গ্রন্থাগারিক। সবকিছুই সামলাতে হচ্ছে একজন তত্ত্বাবধায়ককে।মুিক্তযুদ্ধের সময়কার ১৬০টি আলোকচিত্র, সাড়ে তিন হাজার বই এবং বিভিন্ন সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও তাঁর পরিবারকে দেওয়া রাষ্ট্রীয় পদক ও সনদপত্রই জাদুঘরটির সম্বল।২০০৮ সালের ১২ মার্চ মুক্তিযুদ্ধকালীন উপ- অধিনায়ক এ কে খন্দকার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত জাদুঘরটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ পাওয়া একজন তত্ত্বাবধায়ক। সেখানে একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য জানানো, জাদুঘরের বইপত্র সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এমন কী ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ধোয়ামোছার কাজও করতে হয় তত্ত্বাবধায়ককে। এতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এলেও একা হওয়ার কারণে তত্ত্বাবধায়কের পক্ষে দর্শনার্থীদের জাদুঘর সম্পর্কে সবকিছু জানানো সম্ভব হয় না।গত সোমবার সরেজমিনে রুহুল আমিননগরে গিয়ে দেখা যায়, জাদুঘরের সামনে শোভাবর্ধনের জন্য লাগানো ফুলগাছগুলো মরে যাচ্ছে। জাদুঘরের সামনে অনেক আগাছা জন্মেছে।তত্ত্বাবধায়ক মো. আলাউদ্দিন বলেন, ‘আমি একা কয় দিক সামলাব।’ তিনি জানান, এখানে আসা দর্শনার্থীদের হতাশ হয়ে ফিরে যায়। কারণ, তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান। কিন্তু জাদুঘরে এ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই।স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন বলেন, ‘ভেবেছিলাম, নতুন প্রজন্মের জন্য সরকার এখানে অনেক কিছু করবে। কিন্তু এখন দেখছি, কিছু বই আর মুক্তিযুদ্ধের সময়ের কিছু ছবি ছাড়া কিছুই নেই।’স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নাতি মো. সোহেল চৌধুরী বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই যা কিছু হয়েছে। ওই সময় স্মৃতি জাদুঘরের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠর অবদান সম্পর্কে জানানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতা নেই।’ তিনি বলেন, গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়নি। জাদুঘরের কোনো মালী কিংবা ঝাড়ুদারও নেই।এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ এ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটিকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ জাদুঘরে রূপ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।