জাদুঘরে দৃষ্টিনন্দন নৌকার ভুবন
জাতীয় জাদুঘরে ঢুকেই দুটি বিরাট নৌকা চোখে পড়ল। আরেকটু ভেতরে যাওয়ার পর জায়গাটিকে নৌকার ভুবন বলেই মনে হলো। ছোট, মাঝারি ও বড় আকারের শত শত নৌকার সমাহারে জায়গাটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।বাংলাদেশের কথা বললেই নদী আর নৌকার কথা চলে আসে। শত শত নদী, উপনদী আর দক্ষিণে বঙ্গোপসাগরবেষ্টিত এই দেশের ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো কাঠের নৌকা। গতকাল মঙ্গলবার থেকে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বাংলার ঐতিহ্যবাহী সেই সব কাঠের নৌকা নিয়ে শুরু হয়েছে ‘ফ্রেন্ডশিপ বাংলাদেশ ঐতিহ্যবাহী নৌকা’ প্রদর্শনী। প্রদর্শনীটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে এবি ব্যাংক।সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে; চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।প্রদর্শনীর উদ্বোধনকালে ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান বলেন, বাংলাদেশ থেকে কাঠের নৌকা প্রায় হারিয়ে যাচ্ছে। নৌকার সৌন্দর্য ও এর সঙ্গে জড়িত লোকশিল্পকে উপভোগ করা, একই সঙ্গে নৌকার ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা বাড়ানোই এই প্রদর্শনীর লক্ষ্য। বান্দরবানে পার্বত্য লোকসংস্কৃতি উৎসবআমাদের বান্দরবান প্রতিনিধি জানিয়েছেন, ১১টি আদিবাসী জনগোষ্ঠী ও বাঙালিদের অংশগ্রহণে গতকাল বান্দরবানে শুরু হয়েছে পার্বত্য লোকসংস্কৃতি মেলা। রাজার মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধনীতে আদিবাসী-বাঙালিরা একসঙ্গে গান গেয়ে সম্প্রীতি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছে। বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আসা হাজার হাজার আদিবাসী ও বাঙালি নাচে-গানে নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যধারা তুলে ধরে। রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে এসেছে খুমী সাংস্কৃতিক দল। নইপাই খুমীর নেতৃত্বে তারা যুদ্ধ-নৃত্য পরিবেশন করে। বমদের লাইলাম বা মানুষ সৃষ্টির নৃত্য মানব সভ্যতার ইতিহাস ও মানুষের জীবনের মতোই ছিল ছন্দময়। বান্দরবানে আদিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মারমাদের য়ইংকারেই বা দলগত নৃত্য ছিল বর্ণাঢ্য। উৎসবে মারমা, চাকমা, ত্রিপুরা, বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা, লুসাইদের নানা পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। তঞ্চঙ্গ্যা এবং চাকদের জুমচাষে ফসলচক্রকে ঘিরে তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাও নানা পরিবেশনার মধ্য দিয়ে উঠে আসে। চাকমা ও খিয়াংরা জাতিগোষ্ঠী বৈসাবি উৎসবে তাদের আনন্দ ও আবেগের কথা তুলে ধরেছে। এ ছাড়া ছিল মারমাদের ফ্যাশন প্রদর্শনীও।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পথনাট্য উৎসব ‘জাগো সত্যের শুভ্র আলোয়, জাগো মিলিত প্রাণ’ শিরোনামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে উৎসবের প্রথম দিনে ‘একটি শহীদ মিনারের ইতিকথা’ নামে নাটক পরিবেশিত হয়। দুপুরে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক এস এম আনোয়ারা বেগম। এদিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ মিনার চত্বরে অস্থায়ী ‘ঘৃণা মঞ্চ’ তৈরি করেছে।