জাদুঘরে নয়, ভাগাড়ে যাচ্ছে ডিসি-১০
যুক্তরাষ্ট্রের জাদুঘরে নয়, পুরোনো লোহা-লক্কড়ের (স্ক্র্যাপ) ভাগাড়ে যাচ্ছে বিশ্বের শেষ যাত্রীবাহী ডিসি-১০ উড়োজাহাজ। বোয়িং কোম্পানির সঙ্গে বনিবনা না হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই উড়োজাহাজটি ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
এর আগে বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল, উড়োজাহাজটি যুক্তরাজ্য হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সিয়াটলে। সেখানে বোয়িং কোম্পানির ‘দ্য মিউজিয়াম অব ফ্লাইটস’ জাদুঘর হবে এর শেষ ঠিকানা। কিন্তু সর্বশেষ খবরে জানা গেছে, বোয়িং কোম্পানি আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ডিসি-১০ আপাতত বোয়িং জাদুঘরে যাচ্ছে না। এটি ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ফিরছে।
বিমানের দায়িত্বশীল অপর একটি সূত্র জানায়, ইঞ্জিন তিনটি আলাদাভাবে বিক্রির উদ্যোগ নিয়ে ডিসি-১০ ‘স্ক্র্যাপ’ হিসেবে বিক্রি করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে থাকা এই উড়োজাহাজটি বিশ্বের শেষ যাত্রীবাহী ডিসি-১০। এটি দিয়ে গত বৃহস্পতিবার সর্বশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। ওই দিন ৫৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম যায় উড়োজাহাজটি। সেখানে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রতিদিন এক ঘণ্টা করে তিনটি প্রদর্শনী উড়ালের আয়োজন করা হয়েছে শৌখিন বিমান ভ্রমণকারীদের জন্য।
এই ডিসি-১০ উড়োজাহাজটি ১৯৮৯ সালে বাংলাদেশের বিমানবহরে যুক্ত হয়। যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল-ডগলাস কোম্পানির তৈরি ডিসি-১০ আমেরিকান এয়ারলাইনসের মাধ্যমে ১৯৭১ সালে যাত্রা শুরু করে। ১৯৮৯ সাল পর্যন্ত এর উৎপাদন অব্যাহত ছিল। এর পরের বছর ম্যাকডোনাল-ডগলাস একীভূত হয় বোয়িং কোম্পানির সঙ্গে। ডিসি-১০-এর যাত্রীবাহী উড়োজাহাজ এখন আর কোনো বিমান সংস্থা ব্যবহার করে না। তবে মালবাহী (কার্গো) উড়োজাহাজ হিসেবে এখনো কয়েকটি বিমান সংস্থা এটি ব্যবহার করছে।