জাদুঘরে বই উৎসব শুরু
ঋতুভিত্তিক আয়োজন। শিরোনাম ‘চৈত্রে বই উৎসব’। কিন্তু চৈত্র মাসের যে চরিত্র, তা যেন নেই। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ঢুকলেই শীতল আবহে শরীর জুড়াবে। ঢুকলে কারও বুঝতে অসুবিধা হবে না যে এখানে চলছে বই উৎসব। শীতাতপনিয়ন্ত্রণ গোলাকৃতির সুপরিসর ঘরটির চারপাশে টেবিলে সাজানো বই আর বই। মাঝে টেবিলে বিচিত্র বইয়ের প্রদর্শনী। ছিমছাম সাজানো এ আয়োজনটি বইপ্রেমীদের মনে ধরবেই।
এখানে শুরু হয়েছে ‘চৈত্রে বই উৎসব’ নামে বইমেলা। আয়োজন করেছে দেশের স্বনামধন্য ১০ প্রকাশনী প্রতিষ্ঠান। উৎসবে ৩০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন পাঠকেরা।
গতকাল শনিবার বিকেলে ১৩ দিনের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডর্ন পাবলিকেশনসের কর্ণধার সৈয়দ জাকির হোসাইন।
উৎসবের অন্যতম উদ্বোধক আবদুল্লাহ আবু সায়ীদ বাঙালিকে ‘চিন্তাশীল জাতি’ মন্তব্য করে বলেন, ‘বাঙালি সবকিছুকে যাচাই করে নিতে ভালোবাসে। ইউরোপের বাইরে শুধু বাংলাতেই রেনেসাঁ হয়েছিল। যদিও তা ইংরেজদের মাধ্যমেই এ দেশে সঞ্চারিত হয়েছিল। যে জাতির মাঝে এত দিনের জ্ঞানচর্চার ঐতিহ্য রয়েছে, বিদ্যার ঐতিহ্য রয়েছে, তারা তো পিছিয়ে থাকবে না। তিনি আরও বলেন, ‘পাঠক বাড়াতে হলে শুধু ঢাকায় বইমেলা করলেই চলবে না, এটাকে ছড়িয়ে দিতে হবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায়। সব জেলা ও উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় বইমেলার আয়োজন করতে হবে। তাহলেই বাড়বে বই পাঠকের সংখ্যা।’
এই দুই অতিথি ছাড়াও আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের সভাপতি আজিজুর রহমান, জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আলম তালুকদার। অতিথি হিসেবে ছিলেন লেখক রেজাউর রহমান, কথাসাহিত্যিক আতা সরকার, কাকলী প্রকাশনীর এ কে নাছির আহমদ, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, বেঙ্গল পাবলিকেশনসের পক্ষে কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদসহ নবীন-প্রবীণ লেখকেরা।
মেলায় অংশগ্রহণকারী ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান হলো প্রথমা প্রকাশন, অ্যাডর্ন, অনন্যা, সময়, অনুপম, কাকলী, অবসর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস, ডেইলি স্টার বুকস।
১২ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।