মুগ্ধ হয়ে একজন দর্শক তাকিয়ে ছিলেন জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির দেয়ালে। বিশাল ক্যানভাসে তাঁর দৃষ্টি। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ১৮ মে থেকে জাদুঘরের আয়োজনে এখানে চলছে তাদের সংগ্রহ করা দেশবরেণ্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী।কামরুল হাসান, এস এম সুলতান, হামিদুর রহমান, মুর্তজা বশীর, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবীসহ ৬৮ জন শিল্পীর কাজ রয়েছে এখানে।দেশবরেণ্য শিল্পীদের চিত্রকর্ম দেখতে আসা দর্শকের আগ্রহ ছিল লক্ষণীয়। জাদুঘরের সমকালীন শিল্পকলা বিভাগের সহকারী কিপার শক্তিপদ হালদার প্রথম আলোকে জানান, ১৯৯৮ সাল থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত সংগ্রহ করা শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি মিসর ও মেক্সিকোর শিল্পীদেরও কিছু ভাস্কর্য রয়েছে এখানে। প্রদর্শনী চলবে ২ জুন পর্যন্ত।নজরুল সম্মেলনে কবিতা ও গাননজরুল একাডেমি আয়োজিত নজরুল সম্মেলনের সপ্তম দিন ছিল সোমবার। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ দিনের অনুষ্ঠানে সংগীত ছাড়াও নজরুলের গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়।বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সাইফুল বারী। আলোচনা করেন নজরুল গবেষক আসাদুল হক। সভাপতিত্ব করেন মীজানুর রহমান।পরে আবৃত্তি করেন বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের শিল্পীরা। সমবেত কণ্ঠে ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’ এবং ‘রাঙা মাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি’ গান দুটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আয়োজক সংগঠনের খুদে শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে রাখে শ্রোতাদের। পরে একক সংগীত পরিবেশন করেন রেবেকা সুলতানা, সিফাত এ মঞ্জুর, রাহাত আরা গীতি, ছন্দা চক্রবর্তী প্রমুখ। ছিল ছায়ানটের শিল্পী প্রিয়াঙ্কা গোপ ও রেজাউল করিমের পরিবেশনাও। ঢাকার বাইরে থেকে গান গাইতে আসেন ফাহমিদা রহমান, পিনুশ্রী বণিক, রওশন আরা, সিরাজুল ইসলাম, কণিকা নাজনীন প্রমুখ।এর আগে অনুষ্ঠানে ইয়াসমীন মুশতারীসহ আরও তিনজন শিল্পীর নজরুলসংগীতের সিডির মোড়ক উন্মোচন করা হয়।নজরুলজয়ন্তীতে গুণীজন সংবর্ধনাজাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সম্মাননা জানানো হলো বেশ কয়েকজন গুণী শিল্পীকে। বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা কাউন্সিলের যৌথ এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এ বি এম আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী প্রমুখ। আলোচনা শেষে শিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম, মিন্টু রহমান, নাশিদ কামাল প্রমুখের হাতে কবি নজরুল পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।