জাদুঘরে ভাস্কর শ্যামল চৌধুরীর ওপর হামলা
জাতীয় জাদুঘরের ভেতরে গতকাল মঙ্গলবার হামলার শিকার হয়েছেন ভাস্কর শ্যামল চৌধুরী। অভিযোগ করা হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক এই হামলা চালান।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বিজয়-৭১’সহ বিভিন্ন শিল্পকর্মের স্রষ্টা শ্যামল চৌধুরীর অভিযোগ, দরপত্র জমা দেওয়ায় তাঁর ওপর হামলা করা হয়েছে।জাতীয় জাদুঘরের কিছু কাজের জন্য ২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল চৌধুরী দুপুর ১২টার কিছু আগে দরপত্র জমা দিয়ে ভাস্কর মুকুল মুৎসুদ্দির সঙ্গে জাদুঘরের উপরক্ষক নীরু শামসুন্নাহারের কক্ষে যান। কিছুক্ষণ পর দেলোয়ার হোসেনসহ ৯-১০ জন যুবক ওই কক্ষে ঢুকে ‘টেন্ডার দিলি ক্যান’ বলে তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন।শ্যামল চৌধুরী বলেন, ‘সকাল থেকেই দেলোয়ার আমাকে ফোন করছিল। অনেক কৌশলে ভেতরে ঢুকে দরপত্র জমা দিয়েছি।’শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দেলোয়ার হোসেন ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।