জাদুঘরে মুক্তিযুদ্ধের ১৮টি ছবি
ফরিদপুর জাদুঘরকে মুক্তিযুদ্ধের সময়ের ১৮টি ছবি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে ওই ছবি হস্তান্তর করা হয়।
১৯৭৬ সাল থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে ফরিদপুর জাদুঘর পরিচালিত হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক জায়নুল আবেদীন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধা আবু জাফরের কাছ থেকে ছবিগুলো গ্রহণ করেন। এগুলোর মধ্যে ১৯৭১ সালের ১০ মার্চ ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, ডিসেম্বরে আজম মার্কেটের নাম পরিবর্তন করে তিতুমীর বাজার, জিন্না এভিনিউর নাম পরিবর্তন করে মুজিব সড়ক রাখার অনুষ্ঠানসহ নানা ঘটনার ছবি রয়েছে।
জেলা পরিষদের প্রশাসক জায়নুল আবেদীন বলেন, দুর্লভ এসব ছবি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে, শিখতে ও বুঝতে সাহায্য করবে।
আবু জাফর বলেন, ‘আমরা যে আদর্শ নিয়ে যুদ্ধ করেছিলাম, তা সফল হয়নি। প্রত্যেক মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা আমরা করে যেতে পারিনি। আগামী প্রজন্ম নিশ্চয়ই এ লক্ষ্য অর্জন করবে।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম প্রমুখ।