জাদুঘরের জায়গায় যুবলীগের কার্যালয়, রিকশার গ্যারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুঘর ‘ঊনসত্তর শহীদ আসাদ সরণি’র জায়গা দখল করে গড়ে উঠেছে যুবলীগের কার্যালয় ও রিকশার গ্যারেজ l প্রথম আলো
জাদুঘর ‘ঊনসত্তর শহীদ আসাদ সরণি’র জায়গা দখল করে গড়ে উঠেছে যুবলীগের কার্যালয় ও রিকশার গ্যারেজ l প্রথম আলো

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের পাশে নির্মাণাধীন জাদুঘর ‘ঊনসত্তর শহীদ আসাদ সরণি’র নির্মাণকাজ দেড় বছর ধরে থেমে আছে। এরই মধ্যে জাদুঘরের জায়গা দখল করে গড়ে উঠেছে যুবলীগের কার্যালয় ও অবৈধ রিকশার গ্যারেজ। কর্তৃপক্ষ বলছে, আর্থিক সংকটের কারণে কাজ থেমে আছে।

জাদুঘরের স্থপতিবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য অনুষদের সাবেক ডিন নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, এই জাদুঘরে ঊনসত্তরের শহীদ মতিউর রহমান, আসাদুজ্জামান, সার্জেন্ট জহুরুল হক ​ও সামসুজ্জোহার স্মৃতি সংরক্ষণ করা হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৮ সালের জানুয়ারিতে এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দ্বিতল এই জাদুঘরটি নির্মাণ করতে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি নির্মাণপ্রতিষ্ঠানকে কাজ দিয়েছিল। পাঁচ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এই জাদুঘরের কাজ শুরু হয় ২০০৯ সালের ১১ আগস্ট। চুক্তি অনুসারে গত বছরের জুনে জাদুঘরটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ৷

মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে সিটি করপোরেশন বলেছে, চুক্তিকৃত টাকার মধ্যে প্রায় দুই কোটি টাকা পরিশোধ করা হয়েছে। প্রকল্পটি শেষ করতে আট কোটি ১৫ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ বন্ধ রয়েছে। এতে নির্মিত কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়াসহ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ওই স্থান দখলে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া রাস্তা বন্ধ করে ওই জাদুঘর নির্মাণের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট৷

সরেজমিনে দেখা গেছে, জাদুঘরসংলগ্ন একটি স্থানে ঢাকা মহানগর দক্ষিণ ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ ঢাকা মেডিকেল ইউনিটের নামে প্রায় এক কাঠা জমি দখল করে একটি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। তবে দুই দিন গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয় দোকানদারেরা জানান, কার্যালয়টি তিন মাস আগে গড়ে তোলা হয়েছে। এই কার্যালয়ে তাঁরা কেবল রাতে কিছু নেতা-কর্মীকে যাওয়া-আসা করতে দেখেছেন। দিনে এটি বন্ধ থাকে৷

জাদুঘরের ভেতরে গিয়ে দেখা গেছে, সেখানকার ফাঁকা স্থানে শতাধিক রিকশা ও ভ্যান রাখা হয়েছে। বিভিন্ন স্থানে কাপড় বিছিয়ে শ্রমিক ও ভবঘুরে লোকজন বিশ্রাম নিচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন। কেরোসিনের চুলায় বাইরে ভ্রাম্যমাণ দোকানের খাবার রান্না করা হচ্ছে জাদুঘরের এক পাশে৷এ ছাড়া খোঁজ নিয়ে দেখা গেছে, জাদুঘরের দারোয়ান সুলতান মিয়া ও সিদ্দিক রিকশার গ্যারেজের টাকা তোলেন। এ বিষয়ে সুলতান মিয়ার দাবি, তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই কাজ করছেন।

জাদুঘরের পাশে রাজনৈতিক কার্যালয় ও রিকশার গ্যারেজের বিষয়ে জানতে চাইলে নির্মাণপ্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, রিকশার গ্যারেজ তুলে দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক দলের কার্যালয়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

সার্বিক বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জোন-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, মূলত আর্থিক সংকটের কারণে কাজ বন্ধ হয়ে আছে। শিগগিরই অবৈধ রিকশার গ্যারেজ ও যুবলীগের কার্যালয় উচ্ছেদ করা হবে৷