জাদুঘরের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় নির্মাণাধীন দেশের দ্বিতীয় জাদুঘরের কাজ বন্ধ করে দিয়েছেন যুবলীগের নেতা। ওই নেতার দাবি, সমঝোতার কথা বলে কাজ পাওয়ার পর ঠিকাদার তাঁদের কাজ দিচ্ছেন না। তবে ঠিকাদার বলছেন, তাঁদের সঙ্গে এ রকম কোনো কথা হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘার শাহি মসজিদ ও হজরত শাহদৌলার (রহ.) মাজারের পাশে ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই জাদুঘর। জাদুঘরের ভবন নির্মাণের জন্য গত এপ্রিল মাসে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে টেন্ডার আহ্বান করা হয়। সেই টেন্ডারের কাজটি পায় বগুড়ার মেসার্স মাসুমা বেগম কনস্ট্রাকশন।ঠিকাদারের প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, চার দিন আগে নির্মাণকাজ শুরু হয়। সেদিনই বাঘা উপজেলার যুবলীগের সভাপতি বাবুল ইসলাম এসে কাজ বন্ধ করে দেন। তাঁরা শুধু বলেন, ‘ঠিকাদারকে আসতে বলো। তার পরে কাজ হবে।’যুবলীগের সভাপতি বাবুল ইসলাম সাংবাদিকদের জানান, কাজটি বাঘার ঠিকাদার লিটনকে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা এখন আর দিচ্ছেন না। এ জন্য তাঁরা বলেছেন, সমঝোতা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।এ ব্যাপারে মেসার্স মাসুমা বেগম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মিলন বলেন, ‘এ রকম সমঝোতার কথা কারও সঙ্গে আমার হয়নি। পারলে তাঁরা আমার কাজ বন্ধ করে রাখবেন। আমার ক্ষমতা থাকলে আমি সেখান থেকে কাজ করে উঠে আসব। এটা এক ধরনের চাঁদাবাজি।’