জাদুঘরের প্রত্নতত্ত্ব খোয়া যাওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর থেকে প্রাচীন মূর্তি, টেরাকোটাসহ ১৮৫টি প্রত্নবস্তু, অসংখ্য প্রকাশনা এবং মুদ্রা ও বই খোয়া যাওয়ার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চারটায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী মহানগর শাখা।
১৬ ডিসেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর: ১৮৫ প্রত্নবস্তু ও তিন হাজার প্রকাশনা উধাও’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রথমে মানববন্ধন করা হয়। পরে সমাবেশ থেকে খোয়া যাওয়া প্রত্নতত্ত্ব উদ্ধারের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, বরেন্দ্র গবেষণা জাদুঘর একটি জাতীয় সম্পদ ও ঐতিহ্যের প্রতীক। এটি রক্ষণাবেক্ষণ ও রক্ষার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু তাদের উদাসীনতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। সরকারের দায়িত্ব রয়েছে এসব জাতীয় সম্পদের দেখভাল করা।
কিন্তু প্রশাসন ও সরকারের অবহেলার কারণে এতগুলো প্রত্নতত্ত্ব উধাওয়ের মতো ঘটনা ঘটেছে। দ্রুত দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবীর, ছাত্রনেতা শাকিলা খাতুন, মনু বর্ধন প্রমুখ।