জাদুঘরের সভাপতিসহ তিনজনকে তলব
আদালতের নির্দেশ পালন করে নথি জমা না দেওয়ায় জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি, সদস্যসচিব ও মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ২১ মার্চ জাদুঘরের সভাপতি এম আজিজুর রহমান, মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও সদস্যসচিব ফারুক হোসেনকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ আগস্ট ৩৫টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। ২০১৪ সালের ৮ মার্চ বাছাই কমিটি ৩৫ জনকে নিয়োগের প্রস্তাব করে। গত বছরের ৩০ এপ্রিল জাদুঘর কর্তৃপক্ষ তিনটি পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এ নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা তিনটি রিট আবেদন করা হয়। ২ জুন হাইকোর্ট রুল দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন।
ওই রুল শুনানির সময় গত ২০ জানুয়ারি হাইকোর্ট জাদুঘর কর্তৃপক্ষকে এক আদেশে বলেন, ৩ ফেব্রুয়ারির মধ্যে আগের ৩৫টি শূন্য পদে নিয়োগ-সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত ওই নথি না দেওয়ায় হাইকোর্ট সভাপতিসহ তিনজনকে তলব করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একরামুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।