জাদুঘরের ৯৮ পাণ্ডুলিপির পাঠোদ্ধার সম্ভব হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের আবদুল করিম সাহিত্য বিশারদ কোষ গ্রন্থাগারের ৯৮টি প্রাচীন পাণ্ডুলিপির পাঠোদ্ধার সম্ভব হচ্ছে না। এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধারের জন্য নেই কোনো বিশেষজ্ঞ। এসব পাণ্ডুলিপির পাঠ উদ্ধার করার মতো বিশেষজ্ঞ এ দেশে এখন নেই বলে কর্তৃপক্ষ দাবি করছে।তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এসব পাণ্ডুলিপি অমূল্য সম্পদ। এগুলোর পাঠোদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। জাদুঘর সূত্রে জানা গেছে, জাদুঘরের তত্কালীন কিউরেটর শামসুল হোসাইন ১৯৭৪-১৯৭৫ সালে সিলেটের আলী মতুর্জা নামে একজনের কাছ থেকে পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করেন। তুলট কাগজ ও তালপাতায় এগুলো লেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক ও ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য গবেষকদের সঙ্গে যোগাযোগ করছি।’বিশ্ববিদ্যালয় জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর শামসুল হোসাইন বলেন, এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধারের মতো বিশেষজ্ঞ এ দেশে এখন নেই। এ জন্য বিদেশের কোনো গবেষককে সাময়িকভাবে জাদুঘরে নিয়োগ দেওয়া উচিত।জাদুঘর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষার তত্কালীন শিক্ষক রণজিত্ শর্মা এবং বিশিষ্ট পুঁথি সংগ্রাহক আবদুস সাত্তার চৌধুরী এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু পরে তা আর সম্ভব হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাণ্ডুলিপিগুলোর পাঠোদ্ধারের জন্য গবেষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু কেউ এই পদে আবেদন করেননি। এ কারণে পদটি এখনো খালি রয়েছে।এর আগে হাফেজ মাহবুবুর রহমান নামের এক গবেষক গ্রন্থাগারের ১১৫টি পাণ্ডুলিপির পাঠ উদ্ধার করেন। ফার্সি-আরবি ভাষায় রচিত এসব পাণ্ডুলিপির কপি এখন গ্রন্থাগারে সংরক্ষণ করা হচ্ছে। জাদুঘরের এক কর্মকর্তা বলেন, পাণ্ডুলিপিগুলো নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে না। এ কারণে মূল্যবান পাণ্ডুলিপিগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।