জাদুর কাঠি হবে গ্যাস-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়িতে গ্যাস-সংযোগ—রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই নির্বাচন এলেই প্রার্থীরা ভোটারদের মন জোগাতে গ্যাস-সংযোগের প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান যে ২৩টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রথমটিই ছিল নির্বাচিত হলে তিনি বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেবেন। ওই নির্বাচনে খায়রুজ্জামান নির্বাচিত হয়েছিলেন। পাঁচ বছর তিনি মেয়রও ছিলেন। আগামী ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচন। তবে আবেদনপত্র দেওয়া হলেও রাজশাহীবাসীর গ্যাস পাওয়ার অপেক্ষা এখনো শেষ হয়নি। এ কারণে ১৫ জুনের নির্বাচনে গ্যাস প্রধান জাদুর কাঠি হবে বলে মনে করছেন নগরবাসী।

এই হিসাব-নিকাশে মেয়র পদে আবারও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামানের নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের নেতারা। কারণ হিসেবে তাঁরা বলছেন, চলতি মাসেই রাজশাহী মহানগরে আবাসিক গ্যাস-সংযোগ দেওয়ার চূূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার থেকে আবেদনপত্রও দেওয়া শুরু হয়েছে। যেকোনো সময়েই নগরবাসী গ্যাস-সংযোগ পেয়ে যাবেন।

নগরবাসী অর্থাৎ ভোটারদের অনেকে সরকারের এ ঘোষণায় খুশি। আবার অনেকে বলছেন, বাস্তবে সংযোগ না পেলে তাঁরা আর বিশ্বাস করবেন না। কেউ কেউ বলছেন, তাঁরা ১৫ জুনের আগেই গ্যাস-সংযোগ চান।

রাজশাহীর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্রে জানা গেছে, ‘রাজশাহী শহর এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্প’ একনেকে পাস হয় ২০০৬ সালের জুলাই মাসে। তবে বাসাবাড়িতে গ্যাস-সংযোগের কাজটি এগিয়ে যায় বর্তমান সরকারের আমলে। গত বছরের ৩০ জানুয়ারি শহরে ২৭১ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়। তবে সবকিছু চূড়ান্ত থাকলেও সরকারের অনুমতি না থাকায় বাসাবাড়িতে সংযোগ দেওয়া যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৯ মে মেয়র পদ থেকে পদত্যাগ করেন খায়রুজ্জামান। এর দুই দিন আগে সিটি করপোরেশন থেকে নগরবাসীকে তিনি জানান, প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া যাবে।

এমন ঘোষণায়ও খুশি অনেক মানুষ। নগরের রামচন্দ্রপুরের কলেজশিক্ষক শামছুল হক বলেন, তাঁরা সিলিন্ডারে সরবরাহ করা এলপিজি ব্যবহার করেন। দু-এক মাস পরপরই এই গ্যাসের দাম বাড়ে। সিটি নির্বাচন সামনে রেখে হলেও গ্যাস-সংযোগের অনুমতি দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। সাগরপাড়ার জয়শ্রী রায় বর্মণও এই অনুমতির কথা শুনে সরকার ও সদ্য বিদায়ী মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। তবে কালু মিস্ত্রির মোড় এলাকার আলিয়া রুপি কিছুটা ক্ষোভ ও সংশয় প্রকাশ করে বলেন, ‘নির্বাচন এলে অনেক কিছু পাওয়ার কথা শোনা যায়। এটাও হয়তো তেমন নির্বাচনী গ্যাস। এখন যতক্ষণ না বাসায় গ্যাস পাচ্ছি, ততক্ষণ আর বিশ্বাস করছি না।’

পিজিসিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী গ্যাস-সংযোগের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এরপর আমরা বুধবার থেকে আবেদনপত্র নেওয়া শুরু করেছি। এখন ঠিকাদার নিয়োগের বিষয় আছে।   আবেদনকারীদের টাকা জমা দেওয়াসহ কিছু কাজ করতে হবে। সব মিলিয়ে আমরা দ্রুতই সংযোগ দেওয়ার চেষ্টা করছি।’ 

 জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শফিকুল হক বলেন, ‘গ্যাস নিয়ে যেসব প্রতিশ্রুতি পূরণের কথা বলা হচ্ছে সেটি ধোঁকাবাজি। সব আমলে সবাই প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস দেবে। কিন্তু মানুষ যখন গ্যাস পাবে, তখন বলা যাবে এর বাস্তবায়ন হয়েছে।’

তবে সাবেক মেয়র ও এবারের নির্বাচনে নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বুধবার থেকেই গ্যাস-সংযোগ দেওয়ার জন্য আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আমি মনে করি, এর মাধ্যমে আমি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি।’