জানতে ও জানাতে তথ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানব, জানাব, দুর্নীতি রুখব’ এই স্লোগান নিয়ে গতকাল শনিবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে গতকাল বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। মেলায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৮টি স্টল রয়েছে। স্টলগুলোতে ভিড় ছিল তথ্য সেবাগ্রহীতাদের। তাঁদের তথ্য প্রদানে ও তথ্য সংগ্রহ পদ্ধতি জানাতে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা।
এর আগে বেলা সাড়ে তিনটায় মুন্সিগঞ্জ শহরের অঙ্কুরিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এটি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা উদ্বোধনের পর হয় আলোচনা সভা। সনাকের মুন্সিগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি, সিভিল সার্জন কাজী শরিফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সনাকের তথ্য ও পরামর্শ ডেস্ক কমিটির আহ্বায়ক তানভীর হাসান প্রমুখ।
দিবসটি উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে আলোচনা সভা হয়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম হোসেন বলেন, তথ্য অধিকার আইন পাস হলেও জনগণ এখনো এ সম্পর্কে খুব একটা জানেন না। এ কারণে তেমন একটা সুফলও তাঁরা পাচ্ছেন না।
সভায় আরও বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, বেসরকারি সংস্থা ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফর ও পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান।