জানতে হবে, মানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁত প্রতিদিন মাজতে হবে। পরিষ্কার করতে হবে। এসব আমরা জানি। তবুও অনেক সময় তা মানা হয় না। তাই দাঁত পরিষ্কার ও সুস্থ রাখতে নিয়মিত এসব মেনে চলা উচিত। এই যেমন—

প্রতিদিন দাঁতের যত্ন নিলে দাঁত হবে ঝকঝকে৷ মডেল: হৃদি৷ ছবি: অধুনা
প্রতিদিন দাঁতের যত্ন নিলে দাঁত হবে ঝকঝকে৷ মডেল: হৃদি৷ ছবি: অধুনা

মুখের স্বাস্থ্যরক্ষা
মুখের স্বাস্থ্য সুরক্ষায় নিতে হবে বাড়তি যত্ন-আত্তি। প্রতি বেলা খাবারের পরে ভালো করে মুখ ধুইয়ে ফেলতে হবে। আমরা অভ্যাসের কারণে দাঁত মাজার কাজটা সকালেই করি। কিন্তু সত্যি হলো, দাঁত মাজতে হবে রাতে ঘুমানোর আগে। আর সকালে খাবারের পরে। অভ্যাসটা এভাবেই গড়তে হবে।

মাউথ ওয়াশের ব্যবহার

মুখগহ্বর জীবাণুমুক্ত রাখতে অনেকেই মাউথ ওয়াশ ব্যবহার করেন। বাজারে নানা স্বাদের, নানা বর্ণের মাউথ ওয়াশ পাওয়া যায়। মাউথ ওয়াশের অতিরিক্ত ব্যবহারে দাঁতে দাগ পড়ে যেতে পারে। কখনো মুখের কোষেরও ক্ষতি হয়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে, বুঝে মাউথ ওয়াশ ব্যবহার করুন।

ডেন্টাল ফ্লস

যাঁরা নিয়মিত দাঁত মাজছেন আর খাবার পরে মুখ ধুয়ে ফেলছেন, ভাববেন না সবকিছুই তো করা হলো, আর কি! কিন্তু এটাও জানতে হবে, দাঁত ভালো রাখতে ফ্লস খুব জরুরি। টুথব্রাশ দাঁতের মধ্যে লেগে থাকা সব খাদ্যকণা পরিষ্কার করেত পারে না। এই খাদ্যগুলো থেকে জন্ম নেয় দাঁতের অনেক রোগ। তাই দাঁত মাজা শেষে ফ্লস করার অভ্যাস করুন।

ব্রাশ পরিবর্তন: দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার থেকে বিরত থাকুন। বেশি ব্যবহৃত ব্রাশ ব্যাকটেরিয়ার বাসভূমি হয়ে ওঠে। অন্তত তিন মাস অন্তর ব্রাশ পরিবর্তন করতে হবে। এ ছাড়া মাঝেমধ্যে হালকা লবণ গরম পানিতে ব্রাশটি ধুয়ে নিন।

করতে হবে স্কেলিং

দাঁতের গোড়ায় খাদ্যকণা জমতে জমতে একসময় পাথরের মতো শক্ত হয়ে যায়। একে আমরা ক্যালকুলাস বলি। ক্যালকুলাস জমার পরিমাণ বেড়ে গেলে দাঁত দিয়ে রক্ত পড়ে সময়ে অসময়ে। হালকা ব্রাশেও রক্ত ঝরে। এ সমস্যা এড়াতে স্কেলিং করতে হবে। অনেকেরই ধারণা, স্কেলিং করলে দাঁতের বুঝি ক্ষতি হয়। সত্যি তথ্য হলো, বছরে অন্তত দুবার স্কেলিং করুন।

লেখক: দন্তচিকিৎসক