জানাজা, দাফন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের বিরোধিতার প্রতীক গোলাম আযম
মুক্তিযুদ্ধের বিরোধিতার প্রতীক গোলাম আযম

গোলাম আযমের জানাজা, দাফন কখন, কোথায় হবে—এ বিষয়ে এখনো তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মগবাজারের নিজ বাসার সামনে সাংবাদিকদের এ কথা জানান গোলাম আযমের চতুর্থ ছেলে আবদুল্লাহিল আমান আজমি।
আবদুল্লাহিল আমান আজমি বলেন, তাঁর ছোট ভাই (গোলাম আযমের ছোট ছেলে) যুক্তরাজ্যপ্রবাসী আবদুল্লাহিল সালমান আল আজমির দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি আসতে পারবেন কি না, এ বিষয়ে আজ রাতে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি জেনে তাঁরা আজ রাতের মধ্যেই তাঁরা জানাজা, দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এদিকে বিকেল সাড়ে চারটায় গোলাম আযমের মরদেহ বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িটি তাঁর বাসার গ্যারেজের ভেতর থেকে বের করে বাসার সামনের সড়কে রাখা হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা খাটা অবস্থায় মারা যান গোলাম আযম। গতকাল রাত পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছরের সাজা দিয়েছিলেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, তাঁর অপরাধের মাত্রা ছিল মৃত্যুদণ্ডযোগ্য। কিন্তু বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাঁকে এই সাজা দেওয়া হয়।
গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গোলাম আযমের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আরও জানতে পড়ুন: