জানাজা শেষে বিক্ষোভ, হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবুঝ ছেলেমেয়েদের কীভাবে বোঝাব তাদের বাবা বেঁচে নেই। ভাইয়ের স্ত্রীর অনাগত সন্তান জন্মের পর কাকে বাবা বলে ডাকবে—গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে বিলাপ করছিলেন আবুল কালাম। কিছুক্ষণ পর ভাইয়ের লাশ মর্গ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে লাশ নিয়ে বাঁশখালীর উদ্দেশে রওনা দেন তিনি।
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা নিয়ে গত বুধবার দুপুরে ডাকা মতবিনিময় সভা শুরু হওয়ার আগে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের একজন ছিলেন আবুল কালামের ভাই মোহাম্মদ আলী। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন। বাড়ি গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বরগুনা এলাকায়।
আবুল কালাম মর্গের সামনে প্রথম আলোকে বলেন, লেয়াকত আলীর (গন্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির’ সমন্বয়কারী) লোকজনই তাঁর ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। ছোট ভাই আলীর মৃত্যুর জন্য তিনি লেয়াকতকে দায়ী করেন। ভাই হত্যার বিচার চেয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
তবে কালামের অভিযোগ অস্বীকার করে গতকাল সন্ধ্যায় লেয়াকত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচার চান তিনি।
গত বুধবার দুপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন লেয়াকত আলী। সভার শুরুর কিছুক্ষণ আগে লেয়াকতের অনুসারী লোকজন এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা নুরুল মোস্তফার (ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন) অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কয়েকজনের হাতে বাঁশ ছিল। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে মাটির ঢিল ছুড়তে থাকে। এ সময় কয়েকজনের মাথা ফেটে যায়।
এদিকে গতকাল বিকেলে জানাজা শেষে গন্ডামারার পশ্চিম বরগুনা এলাকার পারিবারিক কবরস্থানে আলীর দাফন হয়েছে। তাঁর চাচাতো ভাই মো. রিদুয়ান বলেন, জানাজা শেষে মুসল্লিরা আলী হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ করেন। এর আগে সকাল ১০টায় গন্ডামারার সকাল বাজার এলাকায়ও লোকজন এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ করেন।
নিহত আলীর শ্যালক মো. সোহেল বলেন, তাঁর বোন সন্তানসম্ভবা। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চলাতেন আলী। এখন কীভাবে তাঁর বোনের সংসার চলবে কিছু ভেবে পাচ্ছেন না তাঁরা।
অবশ্য নিহত আলীর পরিবারকে আর্থিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন বাঁশখালীর বিদ্যুৎ প্রকল্পের আইন উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে আলীর স্বজনদের সঙ্গে তাঁরা কথা বলেছেন।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত বছরের ৪ এপ্রিল গন্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।
বুধবারের সংঘর্ষের বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় মামলা হয়নি।