জানাজায় গিয়ে নিজেও নিলেন চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের জানাজায় গিয়ে নিজেও চিরবিদায় নিলেন। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর জীবন। যাঁর জানাজায় গিয়েছিলেন, তিনিও প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়।
ঘটনা দুটি ঘটেছে মেহেরপুর শহরে। নিহতরা হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ (৭৩) ও সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা খোদাজ্জেল হোসেন (৪৮)।
দুজনেরই বাড়ি মেহেরপুর শহরের গুড়পট্টিতে। দুই ঘণ্টার ব্যবধানে পৌর কবরস্থানে দুজনেরই দাফন সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষি কর্মকর্তা খোদাজ্জেল গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় স্থানীয় শহীদ শামসুজ্জোহা পার্কে আইনজীবী আবদুর রশিদের জানাজায় অংশ নেন। জানাজা শেষে দাফনকাজে অংশ নিতে তিনি মোটরসাইকেলে করে পৌর কবরস্থানে যাচ্ছিলেন। কবরস্থানের কাছাকাছি সরকারি কলেজ সড়কে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আইনজীবী আবদুর রশিদও সড়ক দুর্ঘটনায় মারা যান। গত সোমবার রাতে তিনি শহরের নিজ বাড়ি থেকে হেঁটে ২০০ গজ দূরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলা কার্যালয়ের সামনের সড়কে একটি ব্যাটারিচালিত অটোবাইক তাঁকে ধাক্কা দেয়। এতে মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আবদুর রশিদের জানাজায় মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন, জেলা ও দায়রা জজ রবিউল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা অংশ নেন।
সদর থানার ওসি আহসান হাবিব জানান, আইনজীবীর মৃত্যুর ঘটনায় অটোবাইকটি আটক করা হয়েছে। তবে কৃষি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ী বাসটি আটক করতে পারেনি পুলিশ।