‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে চলবে না। জানার জগৎকে বাড়াতে প্রচুর পড়াশোনা করতে হবে। দেশ-বিদেশের কালজয়ী লেখকদের লেখা বই ও ভ্রমণকাহিনি পড়তে হবে। তাঁদের ব্যক্তিজীবন সম্পর্কেও জানতে হবে। নিজেদের বেড়ে ওঠা ও সফলতার জন্য এসবের বিকল্প নেই।’ চট্টগ্রামের রাউজান ক্লাব আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ আখতার আলম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক তৌহিদ হোসেন চৌধুরী, আবদুন নূর, আবুল কাসেম, হাসিনা জাকারিয়া, ইফতেখার আহমেদ খান, আনোয়ারা আলম, কবি-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, মেজর (অব.) এমদাদ, তৈয়ব চৌধুরী, ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু জিপিএ-৫ পাওয়ার লক্ষ্য নিয়ে এগোলে চলবে না, যা জানো না তা জানতে হবে, যা শেখোনি তা শিখতে হবে, যা বোঝো না তা বুঝতে হবে।’ সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রাউজানের ১২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।