চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের (পুরাতন ওয়ার্ড ও আরএমও কোয়ার্টার) মেরামত ও সংস্কারকাজ ঠিকাদার অনেকদিন ধরে ফেলে রেখেছেন। এতে পুরুষ ওয়ার্ডে রোগী ভর্তি হতে পারছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবন সংস্কার ও মেরামতের জন্য ১২ লাখ ৮৮ হাজার ৮৬৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঢাকার একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান কাজটি পায়। গত ২৭ জুলাই তারা সংস্কার ও মেরামতের কাজ শুরু করে। কিন্তু ভবনের ছাদের আংশিক কাজ এবং পুরুষ ওয়ার্ড ও স্বাস্থ্য কর্মকর্তার চেম্বারের কাজ অসম্পূর্ণ রেখে তারা চলে যায়। গত ১০ নভেম্বর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত কুমিল্লা অঞ্চলের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেকান্দার আলীকে লিখিতভাবে জানান। লিখিত চিঠির ভাষ্য অনুসারে, মেসার্স জে আর এন্টারপ্রাইজ (৮৩ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা) ঠিকাদারিপ্রতিষ্ঠান গত ২৭ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার ও মেরামতকাজ শুরু করলেও এখন পর্যন্ত কাজের তেমন অগ্রগতি হয়নি। পুরুষ ওয়ার্ড ভবনের দ্বিতীয় তলার ছাদের কাজ অসমাপ্ত রেখে দীর্ঘদিন ধরে তারা ওয়ার্ডটি বন্ধ রেখেছে। ফলে ৫০ শয্যার হাসপাতালটিতে তেমন পুরুষ রোগী ভর্তি করা যাচ্ছে না। এ ছাড়া ঠিকাদার তাঁর অফিসটিও অসম্পূর্ণ রেখেছেন। গত সোমবার সরেজমিনে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ছাদের আংশিক মেরামত করে ইটের সুরকি ফেলে রেখেছে। এই ওয়ার্ডের দ্বিতীয় তলায় বেডগুলো এলোমেলো পড়ে আছে। পুরুষ ওয়ার্ডের নিচতলার সবগুলো জানালার পাল্লা ভাঙা। এই ওয়ার্ডের কর্তব্যরত সেবিকা এবং রোগীরা ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসা বন্ধ করতে সেখানে বেডগুলো দিয়ে রেখেছেন। পুরুষ ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স উমা রানী চক্রবর্তী ও নার্সিং সুপারভাইজার মো. মজিবুর রহমান জানান, পুরুষ ওয়ার্ডের প্রত্যেকটি জানালার পাল্লা ভাঙা। রোগীরা ভর্তি হতে এসে ওয়ার্ডের করুণ অবস্থা দেখে ফিরে যাচ্ছে। বর্তমানে ২৫ শয্যার এই ওয়ার্ডে মাত্র পাঁচজন রোগী ভর্তি রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও কালোতালিকাভুক্ত করতে গত মঙ্গলবার তিনি নির্বাহী প্রকৌশলী মো. সেকান্দার আলীর কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।