জানালার গ্রিলের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা গ্রামে বাড়ির কাজের জন্য আনা জানালার গ্রিলের নিচে চাপা পড়ে আইরিন আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ষাইটশালা গ্রামের বাসিন্দা ওমানপ্রবাসী কফিল উদ্দিনের মেয়ে।

আইরিনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বেলা ১১টায় আইরিন আক্তার ঘরের উঠানের পাশে রাখা জানালার কয়েকটি গ্রিলের ওপর উঠে খেলা করছিল। হঠাৎ গ্রিলগুলো উল্টে মাটিতে পড়লে সে এর নিচে চাপা পড়ে। এ সময় গ্রিল উল্টে পড়ার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক ভাই ও দুই বোনের মধ্যে আইরিন ছিল মেজ।

এদিকে মেয়ে মারা যাওয়ার খবর পেয়ে কফিল উদ্দিন ওমান থেকে জরুরি টিকিট কেটে ওই দিন রাতেই দেশে ফিরে আসেন। গতকাল শনিবার সকালে ষাইটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ওই বিদ্যালয়সংলগ্ন কবরস্থানে আইরিনের মরদেহ দাফন করা হয়।