জানালার পাশে ঘুমাতে গিয়ে বাসযাত্রী নিহত
ট্রাকের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে এক বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী মো. রুবেল (৩০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বাসে করে ঢাকা থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন রুবেল। তিনি ডান দিকের জানালার পাশে বসা ছিলেন। ঘুমিয়ে পড়ায় তাঁর মাথা জানালা দিয়ে বাইরের দিকে ঝুঁকে ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় রুবেলের মাথা থেঁতলে যায়। তাঁকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত রুবেলের মৃতদেহ গতকাল দুপুরে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।