জানালার সঙ্গে ওড়না পেঁচানো লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিকেলে ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার পূর্ব মৌচাক এলাকার একটি ভাড়াবাড়িতে রুবিনা আক্তার (৩৩) নামের এক নারী শ্রমিক নিহত হন। নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন বাড়ির লোকজন। পরে পুলিশ এসে বিকেলে রুবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাহ মিয়া জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। কেউ তাঁকে হত্যা করে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।