জানি না, কেন নৃশংস কর্মকাণ্ড হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জ্বালাও-পোড়াও, বর্বরতা এবং মানুষ হত্যার কারণে কিছু সমস্যার মোকাবিলা করছি। এখন আর হরতাল-অবরোধের কার্যকারিতা নেই। আমি জানি না, কেন এ নৃশংস কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর বাসসের।
অনুষ্ঠানে বাংলাদেশ ডাকঘর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড ছেড়েছে। প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন।
হরতাল-অবরোধে দেশের বিরাজমান সমস্যা উত্তরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করার অধিকার কারও নেই। তিনি বলেন, ‘দেশ যখন সব খাতে বিপুলভাবে এগিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে সে সময়ে জ্বালাও-পোড়াও, বর্বরতা ও মানুষ হত্যার কারণে আমরা কিছু সমস্যার মোকাবিলা করছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন আর হরতাল-অবরোধের কার্যকারিতা নেই। এ কারণে হরতাল ও অবরোধের নামে মানুষ খুন করা হচ্ছে। আমি জানি না, কেন এ নৃশংস কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।’
বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বলেন, তাঁর দলের বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য ও দায়িত্ব রয়েছে। কারণ, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার জন্য এ দলের অনেক আত্মত্যাগ রয়েছে। আওয়ামী লীগই মুক্তিযুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে। এ জন্য যে আন্তরিকতার সঙ্গে তাঁরা কাজ করবেন, অন্য কোনো দল সেভাবে কাজ করবে না। এটাই বাস্তবতা। দেশের জনগণ ইতিমধ্যে তা বুঝে গেছেন।
বাংলাদেশের প্রথম উপগ্রহ ‘বঙ্গবন্ধু উপগ্রহ’ চালুর কাজ দ্রুততর করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উপগ্রহ শিগগিরই চালুর কাজ আমাদের শুরু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু উপগ্রহ’—এই মেগা প্রকল্পের কাজ আন্তর্জাতিক টেন্ডার অথবা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) পর্যায়ে বাস্তবায়ন হওয়া উচিত। জিটুজি পর্যায়ে হলে সময়ের সাশ্রয় হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া এতে বক্তব্য দেন একই বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার।