স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, তিনি জানেন না! বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে তাঁর ছেলে তারেক রহমানের হাতে বন্দী কি না।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের আলোচনা সভায় এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিত্সার নামে একজন নেত্রী লন্ডনে বসে আছেন, আর বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলছে। এর কারণ এবং অশুভ লক্ষণকে মনে রাখতে হবে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন। আমি জানি না! খালেদা জিয়া লন্ডনে তাঁর ছেলের হাতে বন্দী কি না? খালেদা জিয়া এখন নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারছেন কি না, জানি না।’
সমশের মবিন চৌধুরীর পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না, সিলেটের শাহপরান মাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, এক সমশের মবিন চৌধুরী বিএনপি থেকে গেলে বিএনপির কিছু হবে না। আমি খুব অবাক হলাম। তিনি তো একজন সজ্জন ব্যক্তি। যিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, তাঁর তো অনেক আগেই দল ত্যাগ করা উচিত ছিল।’