জানুয়ারি এলেই চট্টগ্রামে বাসাভাড়া বৃদ্ধির আতঙ্ক

১৩ বছর আগে চট্টগ্রামের বাদুরতলা এলাকায় ৩ হাজার ৮০০ টাকায় তিন কামরার (ড্রয়িং রুমসহ) একটি বাসা ভাড়া নেন বেসরকারি কলেজের শিক্ষক শাহ নেওয়াজ আলী মির্জা। ভাড়া বাড়তে বাড়তে ২০১৬ সালে এসে হয়েছে সাড়ে ১৩ হাজার টাকা। এর বাইরে গ্যাস-বিদ্যুতের বিল তো রয়েছেই। এ মাসের মাঝামাঝি বাড়িওয়ালা তাঁর কাছে ভাড়া বাড়ানোর নোটিশ পাঠান। ২০১৭ সালের জানুয়ারি থেকে আরও এক হাজার টাকা বাড়তি ভাড়া দিতে হবে। তিনি আপত্তি জানালে বাড়িওয়ালা তাঁকে নতুন বাসা খোঁজার পরামর্শ দেন।
বছর শেষে বাসা ভাড়া বাড়ানো নিয়ে চট্টগ্রাম নগরের বেশির ভাগ ভাড়াটের মধ্যে আতঙ্ক কাজ করে। অনেক বাড়ির মালিকই নিজের খেয়ালখুশিমতো বাড়িভাড়া বাড়ান—এমন অভিযোগও রয়েছে। অবার অনেক বাড়ির মালিকই বাসাভাড়ার রসিদ ভাড়াটেদের দেন না। নিয়ন্ত্রণহীনভাবে বাড়িভাড়া বৃদ্ধির কারণে বিপদে পড়ছেন পোশাকশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা। চট্টগ্রাম নগরের ইপিজেড, কর্ণফুলী ইপিজেড এলাকায় শ্রমিক-অধ্যুষিত এলাকায় প্রতিবছরই ভাড়া বাড়ে। স্বল্প আয়ের এসব লোক ভাড়া পরিশোধ করে সংসার চালাতে রীতিমতো হিমশিম খান।
ভোক্তা অধিকার রক্ষাকারী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখার নেতারা বলছেন, নগরের কয়েকটি এলাকায় জরিপ চালিয়ে ২০১৬ সালে এর আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ৮ শতাংশ বাড়িভাড়া বাড়ার তথ্য তাঁরা পেয়েছেন। চট্টগ্রাম নগরে ভাড়াটের প্রকৃত সংখ্যা কত, সে হিসাব সরকারি-বেসরকারি কোনো সংস্থার কাছে পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ভাড়াটিয়ার কল্যাণ সমিতির হিসাবে, অন্তত ৩০ লাখ লোক চট্টগ্রামে ভাড়াটে হিসেবে বসবাস করছেন।
বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তৌকির আহমেদ বলেন, কোন এলাকায় বাড়িভাড়া কত হবে, সেটি নির্ধারণ করার জন্য কোনো সংস্থা নেই। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কারা করবে, সেটিও সুস্পষ্টভাবে আইনে লেখা নেই। ২০১৫ সালে হাইকোর্ট একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করার নির্দেশ দেন। কিন্তু সেটিরও কোনো বাস্তবায়ন নেই। তিনি বলেন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার ভাড়াটেদের পক্ষে আসলে কেউই নেই।
নগরের পতেঙ্গার জিএম গেট এলাকায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি আধা পাকা ঘরে ভাড়া থাকেন পোশাকশ্রমিক মো. কামাল উদ্দিন। দুই কামরার ওই ঘরের জন্য এত দিন ভাড়া দিয়েছেন পাঁচ হাজার টাকা। জানুয়ারি থেকে তাঁকে ভাড়া দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা। অথচ ওভারটাইমসহ (অতিরিক্ত কাজ) তাঁর বেতন ১০ হাজার টাকা।
কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সালে যখন দুই কামরার বাসা নিই, তখন ভাড়া ছিল চার হাজার টাকা। পরের বছরের জানুয়ারি মাসের শুরুতেই ভাড়া ৫০০ টাকা বাড়িয়ে দেন মালিক। পরের বছর বাড়ান আরও ৫০০ টাকা। জানুয়ারিতে আবার ৫০০ টাকা বাড়ানো হবে। আমরা স্বল্প আয়ের মানুষ। আমাদের কাছে ৫০০ টাকাও অনেক টাকা। এই বাসা ছেড়ে অন্য কোথায় যাব, তারও উপায় নেই। সেখানেও একই অবস্থা হবে।’
বাড়িভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণে সংস্থা ও নীতিমালা থাকা উচিত বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সিটি করপোরেশনের কার্যক্রম আইনের মাধ্যমে পরিচালিত হয়। বাড়িভাড়ার বিষয়ে করপোরেশনের ওপর কোনো দায়িত্ব ন্যস্ত করা হয়নি।