জানুয়ারি থেকে নতুন কাঠামোতে বেতন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী জানুয়ারি মাসে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন। পূর্বঘোষণা অনুযায়ী গত জুলাই থেকেই নতুন কাঠামো কার্যকর হবে। এটাই সত্য, এর মাঝে আর কিছু নেই।’
সচিবালয়ে গতকাল শনিবার সফররত ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বেতনকাঠামো নিয়ে গণমাধ্যমে নানা ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে, আর এ নিয়ে চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আর বিভ্রান্তির অবকাশ নেই। প্রজ্ঞাপন যখনই হোক, জানুয়ারি থেকে নতুন হারে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা।’
জুলাই থেকে ডিসেম্বরের বাড়তি টাকা (এরিয়ার) একসঙ্গে দেওয়া হবে কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি চেয়েছিলাম একসঙ্গে দিতে। তা হয়তো সম্ভব হবে না। তবে দুবারে দেওয়ার চেষ্টা করা হবে।’
টাকার জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তহবিলের খোঁজ নিতে হবে। অর্থের প্রয়োজনে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে।’
বাজেটে রাখা অর্থ তো এখনো তেমন খরচ হয়নি, টাকার অভাব হবে কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টাকা তেমন খরচ হয়নি যেমন ঠিক, রাজস্ব আদায়ও তো কম হয়েছে।’ তবে চলতি মাসে রাজস্ব আদায় ভালো হয়েছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন কবে জারি হবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি, আগামী সপ্তাহে হয়ে যাবে। কিন্তু শুনেছি, আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা (ভেটিং) করে নতুন কিছু বিষয় জানতে চেয়েছে।’
আইন মন্ত্রণালয়ের সেই এখতিয়ার আছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রীও সম্মতি দিয়েছেন। তিনি যা যা করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই করছেন। তারপর আইন মন্ত্রণালয় এটা করতে পারে না।
অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড থাকছে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এর পরিবর্তে দুটি গ্রেড পরিবর্তনের সুযোগ থাকবে। দুই গ্রেডের মধ্যে একটি চাকরির মেয়াদ ১০ বছর পার হলে দেওয়া হবে। অন্যটি দেওয়া হবে চাকরির মেয়াদ ১৫ বছর পার হলে।