আন্তর্জাতিক দাতা সংস্থার আর্থিক সহায়তায় কয়েকটি এনজিও দেশের এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীদের চিকিৎসা চালিয়ে আসছে। এই ডিসেম্বরে শেষ হচ্ছে এ কর্মসূচির মেয়াদ। কিন্তু এরপর গুরুত্বপূর্ণ এ কর্মসূচি চালানোর জন্য নেই সরকারি প্রস্তুতি। অভিযোগ আছে, সরকারি দপ্তরের উদ্যোগহীনতাই এর কারণ।
এত দিন আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ ও ক্যাপ নামের তিনটি এনজিও এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিল। দাতা সংস্থা দ্য গ্লোবাল ফান্ড এতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক মো. আবদুল ওয়াহিদ বলেছেন, জানুয়ারি থেকে পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাসেবা ও ওষুধ দেবে।
খোঁজ নিয়ে দেখা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালগুলো এ সেবা দিতে তৈরি নয়। গত ২৮ নভেম্বর ফোনে যোগাযোগ করা হলে সবগুলো হাসপাতালের কর্তৃপক্ষ প্রথম আলোকে জানিয়েছে, এ দায়িত্বের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের তখন পর্যন্ত জানায়নি। তবে দুটো (সিলেট ও চট্টগ্রাম) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী আসা শুরু হলে এনজিওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে তারা চিকিৎসা দিতে পারবে। চার বছর আগে কেনা রক্ত পরীক্ষার (সিডি৪ টেস্ট) যন্ত্রগুলো অব্যবহূত পড়ে আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনজিও আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আখতার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। কোনো নতুন চুক্তি হয়নি। জানি না জানুয়ারি থেকে কী হবে।’
গত ২৮ নভেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে জাতীয় কর্মসূচির পরিচালক মো. আবদুল ওয়াহিদ বলেন, জানুয়ারি থেকে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীরা বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি নেই। এখন পর্যন্ত আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আদিষ্ট হইনি।’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোষ কুমার কুন্ডু বলেন, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়নি। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জানুয়ারি থেকে এইডস রোগীদের ওষুধ বা অন্য সেবা দেওয়ার ব্যাপারে কোনো চিঠি আমরা পাইনি।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোগীরা জানে না ঠিক কোন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে। এটা একটা বড় সমস্যা।
বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, দ্রুত প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। আর লুকোচুরি না করে কোন হাসপাতালে সেবা পাওয়া যাবে তা গণমাধ্যমে প্রচার করতে হবে।