জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন পর গতকাল রোববার হাড় কাঁপানো শীত কিছুটা কমেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের কনকনে ভাব কমেছে। এতে সাধারণ মানুষের কষ্ট কমেছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাড়বে দিনের তাপমাত্রাও।তবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, সপ্তাহ খানেকের মধ্যেই সারা দেশে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। জানুয়ারি মাসে একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।গত কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় সারা দেশে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। ব্যাহত হয় নৌপথ ও সড়কপথে যোগাযোগব্যবস্থা।গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও দেশের সর্বত্র এখনো চলছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ শুরুর আগেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি শীতকে তীব্রতর করবে।নদী অববাহিকায় ঘন কুয়াশার চাদর কাটছেই না। ঘন কুয়াশার কারণে গত শনিবার গভীর রাত থেকে কয়েক ঘণ্টার জন্য মাওয়া-কাওরাকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকে।দেশের অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।