আবহাওয়ার নিয়ম অনুযায়ী জানুয়ারিতে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। শৈত্যপ্রবাহ হয় বেশি। এবারও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ঠিক এমনই। জানুয়ারিতে কমপক্ষে দুটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রগামী নৌযান এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, গতকাল হঠাৎ দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা তিন থেকে সাত ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। ফলে শীত আগের চেয়ে কম অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা কমে যাওয়ায় রাজধানীসহ দেশের অনেক এলাকায় কিছুটা স্বস্তি নেমে এসেছে। তবে দেশের পশ্চিমাঞ্চলে গতকালও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও দেশের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা বাড়লেও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মাদারীপুরে তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বেড়ে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়। সকাল থেকেই সূর্যের দেখা মেলে। আবহাওয়াবিদেরা জানান, মূলত বাংলাদেশের ওপর উপমহাদেশীয় উচ্চ চাপবলয় অবস্থান করায় এবং সাইবেরিয়ার হিমেল হাওয়া স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে বয়ে যাওয়ায় দেশে শীতের তীব্রতা বেড়ে যায়। টানা নয় দিনের শৈত্যপ্রবাহ শেষে গত রোববার এই উচ্চ চাপবলয়টি বাংলাদেশের ওপর থেকে কিছুটা সরে গেছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল বেলা তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৪৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।