জানুয়ারিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৫ বছর পর আগামী ৭ জানুয়ারি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০২ সালে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। তিনি নিজের সভাকক্ষে বিভিন্ন গণমাধ্যমের কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমাবর্তন নিয়ে মতবিনিময় সভা করেন।

সমাবর্তন প্রচার উপকমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মেহের আলী সভায় সভাপতিত্ব করেন। উপাচার্য বলেন, ২০১৮ সালের ৭ জানুয়ারি বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। সমাবর্তন সফল করতে ইতিমধ্যে ২৩টি উপকমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সমাবর্তন সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাবর্তন উপলক্ষে ২২ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধন ফি অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), সিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে একটি সনদের জন্য তিন হাজার টাকা, দুটি সনদের জন্য তিন হাজার ৫০০ টাকা এবং দুইয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা পরিশোধ করতে হবে।

উপাচার্য জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ এক বৈঠকে সমাবর্তন করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। বলেছিলেন, আপনারা প্রস্তুতি নেন। সেজন্যই নিবন্ধন কার্যক্রম আগে থেকে শুরু হয়েছিল। এখন রাষ্ট্রপতি তারিখ দেওয়ায় তা ঘোষণা করা হলো।

এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অনার্স (স্নাতক) ১৯৯৬-৯৭ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স (স্নাতকোত্তর) ১৯৯৭-৯৮ থেকে ২০১৪-১৫ পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শুধুমাত্র নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভা পর্যন্ত অনুমোদিত এমফিল এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরাও নিবন্ধন করতে পারবেন। সমাবর্তনের নিবন্ধনসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।