জানুয়ারিতে ঋণের দ্বিতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাস জানুয়ারিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বর্ধিত ঋণ-সহায়তার (ইসিএফ) দ্বিতীয় কিস্তির অর্থ পাচ্ছে বাংলাদেশ। আইএমএফের মিশনপ্রধান ডেভিড কাউয়েন গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।গত ২৭ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত নয় দিনের সফরকালে দলটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে কবীর এবং সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে। এ বিষয়ে গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেয় আইএমএফ।সমান সাত কিস্তিতে আইএমএফ থেকে বাংলাদেশ ১০০ কোটি ডলার পাওয়ার কথা, যার প্রথম কিস্তি পাওয়া গিয়েছিল গত এপ্রিলে। কাউয়েন বলেন, ইসিএফ-ব্যবস্থার আওতায় গত জুনের শেষের দিকে যেসব বিষয় পরিপালনের কথা ছিল, বাংলাদেশ সেগুলো পূরণের পথেই রয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৬ শতাংশের মতোই থাকবে বলে আশা করে আইএমএফ। আর মূল্যস্ফীতি থাকবে ৮ শতাংশের নিচে। চাহিদা-ব্যবস্থাপনার মাধ্যমে পরের অর্থবছরে মূল্যস্ফীতি আরও কমাতে সক্ষম হবে বলেও আশাবাদী এই সংস্থা। আইএমএফ বলেছে, বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি তার নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতির মধ্যেই থাকবে, যত দিন না খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি একক অঙ্কে নেমে আসে। আর মুদ্রা বিনিময় হার নির্ধারিত হবে বাজার-পরিস্থিতির ওপর। তবে প্রয়োজনে অবশ্যই এতে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক।আর্থিক খাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বাড়ানো উচিত বলে মনে করে আইএমএফ। সংস্থাটি বলেছে, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কাজ চলছে। আইনটি এমনভাবে প্রণীত হওয়া উচিত, যাতে ব্যাংক খাতে সবার জন্য সমান ক্ষেত্র তৈরি হয়। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো যাতে স্বাধীনভাবে চলতে পারে, আইনে সে ধরনের রক্ষাকবচও থাকতে হবে বলে মনে করে আইএমএফ।আইএমএফের পরামর্শে বিদ্যুতের দাম বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্য সমন্বয় জনজীবনে প্রভাব ফেলবে, এমন এক প্রশ্নের জবাবে কাউয়েন বলেন, ‘মূল্য আসলে কিছু না। সুষ্ঠু ব্যবস্থাপনাটাই আসল।’