জানুয়ারিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো পরিস্থিতির উদ্ভব না হলে জানুয়ারি মাসে কঠোর কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। তবে বিক্ষোভ মিছিল, প্রচারাভিযান, মানববন্ধনসহ গণসংযোগ ধরনের কর্মসূচি থাকবে।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়ে চলে সোয়া ১০টা পর্যন্ত।দলীয় সূত্র জানিয়েছে, আজ রোববার ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচিগুলো চূড়ান্ত করা হবে। এরপর আগামীকাল সোমবার তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনে দল ও জোটের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। জানুয়ারির বড় একটি অংশজুড়ে বিশ্ব ইজতেমা, ও লেভেল পরীক্ষা, দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী থাকায় কঠোর কর্মসূচিতে না যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। ২৬ ডিসেম্বর রাজধানীর পাঁচটি স্থানে পথসভায় বেগম খালেদা জিয়া বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলে হরতাল দেওয়া হবে বলে যে ঘোষণা দিয়েছিলেন, তা বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।বৈঠকে উপস্থিত দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘বৈঠকে গণসংযোগ ধরনের কর্মসূচির ব্যাপারে আলোচনা হয়েছে।’বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।