আগামী বছরের জানুয়ারিতে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেলের কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর-সংলগ্ন প্রকল্প এলাকা পরিদর্শনের পর মন্ত্রী এ ঘোষণা দেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টানেল নির্মিত হলে চট্টগ্রাম হবে চীনের সাংহাইয়ের মতো দুই শহর আর এক মহানগর। ২০১৮ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হলে নতুন দিগন্তের উন্মেষ ঘটবে। এতে সমৃদ্ধির দ্বারও উন্মোচিত হবে। নদীর দক্ষিণপাড়ে গড়ে উঠবে শিল্পাঞ্চল। এটি জাতীয় ও এশিয়া মহাসড়কের সঙ্গে সংযুক্ত হবে। চট্টগ্রাম নগরের ট্রাফিক সমস্যারও সমাধান হবে।
মন্ত্রী আরও বলেন, কর্ণফুলী টানেলের জন্য নয় হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ইতিমধ্যে চায়না কনস্ট্রাকশন কোম্পানি ও অরুপ নামের দুটি প্রতিষ্ঠান প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে অ্যালাইনমেন্ট নির্ধারণ করেছে। সরকার চাইলে জনস্বার্থে তা সংশোধন করা হবে।
গতকাল মন্ত্রীর সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, দিদারুল আলম ও দলীয় নেতা-কর্মীরা ছিলেন।