জানুয়ারিতে নয়জনের বিরুদ্ধে দুদকের ১০ মামলা
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, প্রতারণা এবং ঘুষ গ্রহণের অভিযোগে এ বছরের জানুয়ারি মাসে ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় নয়জনকে অভিযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার দুদকের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক পরিচালক কাজী ইমদাদুল হক, জাতীয় মহিলা সংস্থার সাবেক পরিচালক রেজায়ে আজম খান, জাতীয় মহিলা সংস্থার সাবেক প্রকল্প পরিচালক এ টি এম মশিউর রহমান, লালমনিরহাট জেলার সিভিল সার্জন আবদুস ছোবহান, ঢাকা সিটি করপোরেশনের সহকারী ভান্ডার কর্মকর্তা আবদুল মালেক, বিআরটিএ পাবনা সার্কেলের যন্ত্র সহকারী আমিনুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী নাজমুল হুদা প্রমুখ। তাঁদের মধ্যে আবদুস ছোবহান, আমিনুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহেল হাফিজকে ঘুষ গ্রহণকালে দুদকের বিশেষ দল হাতেনাতে গ্রেপ্তার করে। একই মাসে টাকা আত্মসাত্, ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, প্রতারণা, জালিয়াতি ইত্যাদি অভিযোগে ২৬টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। এসব মামলায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ মোট ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র টি আর এম নূর-ই-আলম হেলাল, দুদকের গাইবান্ধা কার্যালয়ের সাবেক ডেটা অপারেটর মো. আবু ইউসুফ শাহ, রূপালী ব্যাংকের সদরঘাট শাখার সাবেক ব্যবস্থাপক মতিয়ার রহমান, ঢাকা সিটি করপোরেশনের রেভিনিউ সুপারভাইজার মো. নাসির উদ্দিন, খুলনা সিটি করপোরেশনের সাবেক পাম্প অপারেটর আমিরুল ইসলাম প্রমুখ। একই মাসে দুদক ২২টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এসব মামলায় মোট ৫৫ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন যমুনা সেতু কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক আমির উদ্দিন আহম্মেদ, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদুর রহমান, এনসিসি ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার ব্যবস্থাপক জি এম ফকর উদ্দিন, রাউজান উপজেলা ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার শিশির রঞ্জন দাস প্রমুখ।