জানুয়ারিতে বাড়িভাড়া-আতঙ্ক
২০০৫ সালে চট্টগ্রাম নগরের লালখানবাজারে সাড়ে পাঁচ হাজার টাকায় দুই কক্ষের বাসা ভাড়া নিয়েছিলেন কলেজশিক্ষক মফিজুর রহমান। বছর বছর বেড়ে ২০১৩ সালে সেই বাসার ভাড়া দাঁড়ায় সাড়ে ১৩ হাজার টাকায়। এর পরও বাড়িওয়ালা নতুন বছরে ভাড়া বাড়ানোর পাশাপাশি ৩০ হাজার টাকা অগ্রিম দাবি করেন। এ কারণে বাধ্য হয়ে পুরোনো বাসা ছেড়ে নতুন বাসায় উঠতে বাধ্য হন মফিজুর রহমান।
মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই ভাড়া বেড়েছে। অথচ সে অনুযায়ী সেবা পাইনি।’
নতুন বছর আসতেই ভাড়াটেরা বাড়িভাড়া-আতঙ্কে ভুগতে থাকেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৩ সালে চট্টগ্রামে সব ধরনের বাড়িভাড়া বেড়েছে গড়ে প্রায় ২২ শতাংশ। আর গত ২৩ বছরে সেটি বেড়েছে ৪০৩ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা সিটি করপোরেশন ঢাকার ভাড়াটেদের জন্য এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এটুকুও পায়নি চট্টগ্রামবাসী। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘আইন অনুযায়ী এটি করার দায়িত্ব করপোরেশনের নয়। ঢাকা সিটি করপোরেশন বাড়িভাড়া নির্ধারণ করে দিয়েছে কি না আমার জানা নেই। যদি দেয়, তবে নিঃসন্দেহে সেটি ভালো উদ্যোগ। আমরাও অনুসরণ করার চেষ্টা করব।’
আইন অনুযায়ী, বাড়িওয়ালা ও ভাড়াটে লিখিত চুক্তি সম্পাদন করবেন। মাস শেষে ভাড়াটেরা ভাড়া পরিশোধ করবেন রশিদের মাধ্যমে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যখন-তখন ভাড়াটেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার ঘটনা ঘটছে।
ভাড়া বাড়ানোর কারণ হিসেবে হোল্ডিং কর, আয়কর বেড়ে যাওয়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখান বাড়ির মালিকেরা।
হুমায়ুন কবির নামের একজন বাড়ির মালিক বলেন, ‘আমাদেরও তো সংসার চালাতে হয়। বাড়িভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। এ ছাড়া ভাড়াটেরা প্রায়ই এটা-সেটা নষ্ট করেন। সেগুলোও তো আমাদের ঠিক করে দিতে হয়।’
ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নাজির হোসেন বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য আইন হওয়ার ২২ বছর পেরিয়ে গেলেও এর প্রয়োগ নেই। এত বছরেও কেন আইনটি কার্যকর করা গেল না, সেটি রহস্যজনক।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী একজন বাড়িভাড়া নিয়ন্ত্রক থাকার কথা। কিন্তু এখনো সেটি প্রতিষ্ঠা করা হয়নি। মামলা করে আদালতের মাধ্যমে ভাড়া দেওয়া ছাড়া আর কোনো আইনি প্রতিকারের পথ খোলা নেই ভাড়াটেদের। তবে চাইলে সিটি করপোরেশন সালিসি ব্যবস্থা চালু করতে পারে। কারণ, নাগরিকদের সুবিধা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের।
চট্টগ্রামের ‘নিয়ন্ত্রণহীন বাড়িভাড়াবিরোধী নাগরিক আন্দোলন’-এর আহ্বায়ক শরীফ চৌহান বলেন, ‘বাড়িওয়ালাদের কাছে এ দেশের ভাড়াটেরা জিম্মি। আশা করি, নাগরিকদের কথা চিন্তা করে বাড়িভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’