জানুয়ারিতে বিদ্যুতের দাম আবার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে গ্রাহক পর্যায়ে সপ্তমবারের মতো বিদ্যুতের দাম বাড়ছে আগামী মাসেই (জানুয়ারি)। এদিকে বিদ্যুতের দাম বাড়ার আগেই যেকোনো দিন বাড়তে পারে জ্বালানি তেলের দাম।সরকারি সূত্রগুলো জানায়, পাঁচটি বিতরণ কোম্পানি বিদ্যুতের বর্তমান দামের ওপর ৯ থেকে ১২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। বিইআরসির সংশ্লিষ্ট কমিটি ওই প্রস্তাবগুলো পর্যালোচনা করেছে। সে অনুযায়ী ৮ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে। এতে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছয় টাকা ২০ পয়সা থেকে ছয় টাকা ৩০ পয়সা পর্যন্ত হতে পারে।আগামীকাল বৃহস্পতিবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি হবে। ৩০ ও ৩১ ডিসেম্বর হবে আরও চারটি কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি। এরপর কিছুদিনের মধ্যেই বাড়তি দামের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে বিইআরসি সূত্র জানায়।এর আগে ১ সেপ্টেম্বর থেকে (ঘোষণা দেওয়া হয় ২০ সেপ্টেম্বর) বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে গড়ে ১৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৬ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ফলে আরইবি ছাড়া অন্য কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতে ৭৫ পয়সা বেড়ে গড় দাম হয় পাঁচ টাকা ৭৫ পয়সা। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ৬৮ পয়সা বেড়ে গড় দাম হয় চার টাকা ৭০ পয়সা।আরইবির গ্রাহকদের ক্ষেত্রে গড় দাম বাড়ার হার ছিল ১৫ দশমিক ১৪ শতাংশ। এ ছাড়া কৃষিতে প্রায় ১১ শতাংশ এবং শিল্প, বাণিজ্য ও দাতব্য ক্ষেত্রে গড়ে ১৫ শতাংশ দাম বাড়ানো হয়।জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব মাস খানেক আগেই চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি গড়ে অন্তত পাঁচ টাকা বাড়ানো হতে পারে। এতে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রল ৯৬, ডিজেল ও ফার্নেস তেল ৬৬ টাকা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের শীর্ষপর্যায়ের সবুজ সংকেত পেলেই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে।জ্বালানি তেলের দাম সর্বশেষ বাড়ানো হয়েছিল গত বছরের ৩০ ডিসেম্বর। সেটি ছিল ওই পঞ্জিকাবর্ষে চতুর্থ দফা দাম বাড়ানো। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় কোনো উত্থান-পতন হয়নি। কিন্তু দেশের বিদ্যুৎ উৎপাদন তেলচালিত ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রনির্ভর হয়ে পড়ায় সরকারের ভর্তুকির অঙ্ক বেশ বড়ই আছে।অবশ্য বর্তমান সরকার শুরু থেকেই বিদ্যুৎ ও জ্বালানির ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার নীতি নিয়ে চলেছে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার শর্ত পূরণের জন্যও জ্বালানির দাম সমন্বয় করতে বাধ্য হচ্ছে।তবে অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর কারণে সামস্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সরকারের জন্য কঠিন হবে। সব পর্যায়ে জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে।