জানুয়ারিতে বিভাগীয় পর্যায়ে ফিজিকস অলিম্পিয়াড শুরু
আগামী জানুয়ারি মাসে বিভাগীয় ও ফেব্রুয়ারিতে জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে বিজয়ী পাঁচ শিক্ষার্থী জুলাই মাসে ৪৩তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড-২০১২ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশে দ্বিতীয়বারের মতো এই অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি।সংবাদ সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ফিজিকস অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য, সত্যিকারের বিজ্ঞানী গড়ে তোলা। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে খুব সহজেই এ আয়োজন করা যেত। তবে অলিম্পিয়াডের উদ্দেশ্য, একদম ছোট থেকেই যাতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা জন্ম নেয়। বলা যায়, অলিম্পিয়াডের মাধ্যমে একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি খোরশেদ আহমেদ কবির বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ব্যাপক চর্চা বিশেষত, পদার্থবিজ্ঞান বিষয়ে মেধার প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্কুল, কলেজ ও প্রাকিবশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এবারই প্রথম দেশের সাতটি বিভাগে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ফেব্রুয়ারিতে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড হবে। এতে পদার্থবিদ্যা বিষয়ে বিভিন্ন পর্বে পরীক্ষা, কুইজ প্রতিযোগিতা, প্রতিবেদন ও প্রজেক্ট উপস্থাপন, সেমিনার, ভিডিও শো প্রভৃতি আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেবে। জাতীয় পর্যায়ে বিজয়ী পাঁচজন জুলাইয়ে এস্তোনিয়ায় আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেবে।কমিটির সদস্য আফরোজ আল মামুন বলেন, ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে নিবন্ধন করতে পারবে। কমিটি খুদে বার্তা পাঠানো প্রথম ৭৫০ জনকে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবে।সংবাদ সম্মেলনে কমিটির সহসভাপতি ইয়াসমীন হক ও জাহিদ হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ ফারসিম মান্নান মোহাম্মদী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ, কোচ আরশাদ মোমেন প্রমুখ বক্তব্য দেন।