জানুয়ারিতে রাজধানীতে দ্বিতল সড়ক নির্মাণের কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, আগামী জানুয়ারিতে রাজধানী ঢাকায় দ্বিতল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের কাজ শুরু হবে। এটাই হবে রাজধানীর যানজট নিরসনের সবচেয়ে বড় অস্ত্র।গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির মজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-সাতরাস্তা-মগবাজার রেলক্রসিং-খিলগাঁও-কমলাপুর-গোলাপবাগ-চট্টগ্রাম রোড (কুতুবখালী) রুটে এই দ্বিতল সড়ক নির্মাণ করা হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য দাতাদের কাছ থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।অপর এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবহারের লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ বাস্তবায়ন করছে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিআরটিসির বিভিন্ন ডিপোতে ২১৬টি যাত্রীবাহী বাস অকেজো হয়ে পড়ে আছে। এসব বাসের মধ্যে বেশ কিছু বাস মেরামত বা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। এ বাসগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে লাভজনক বাসগুলো দ্রুত মেরামত করে সচল করার পরিকল্পনা আছে।ওয়ারেসাত হোসেনের এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ৯২৭ একর এবং পশ্চিমাঞ্চলে এক হাজার ৬০০ একরসহ মোট দুই হাজার ৫২৭ একর ভূমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে ৪৯০ একর রেলভূমি ও পশ্চিমাঞ্চলে ৪৩৬ একর রেলভূমি বিভিন্ন সরকারি সংস্থা বা দপ্তরের অবৈধ দখলে রয়েছে। অবৈধ দখলে থাকা ভূমি দখলমুক্ত করা হচ্ছে এবং দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের আছে। বিদেশি অর্থ পাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট নিরসনের লক্ষ্যে সরকার মহাসড়কটি দুই লেন থেকে চার লেন করার কাজ শুরু করেছে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।