জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সবাইকে পাঠ্যবই দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। গতকাল শুক্রবার এক মতবিনিময় সভায় পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে গঠিত জাতীয় কমিটি এ কথা বলেছে।সভায় সতর্ক করে দিয়ে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের জন্য কোনো টাকা দাবি করা হলে বা বাজারে এ বই বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় জানানো হয়, নতুন বছরের জন্য মোট ২৩ কোটি ২২ লাখ বই লাগবে। এখন পর্যন্ত প্রাথমিকের ৮৩ শতাংশ ও মাধ্যমিক স্তরের ৯৭ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে বাকি বইগুলো পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।কমিটির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সভায় কাউকে বইয়ের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘এটা টিকা দিবস নয় যে ওই দিনই সবাইকে টিকা দিতে হবে। সবার বই পেতে হয়তো কয়েক দিন বেশি সময় লাগতে পারে, তবে তা কোনোভাবেই সাত দিনের বেশি হবে না।’সভায় কমিটির আহ্বায়ক জানান, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব করা হবে।এখন পর্যন্ত কোন জেলায় কত বই সরবরাহ করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি এনসিটিবি।সভায় আখতারুজ্জামান বিনা মূল্যের বইয়ের জন্য কেউ টাকা দাবি করলে বা তা খোলাবাজারে বিক্রি করলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানান। তিনি বলেন, ‘বিনা মূল্যের বই কেউ খোলাবাজারে বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন জানান, প্রাথমিকের প্রায় ৫৭ লাখ বই বহনকারী ৫৭টি ট্রাক বন্দরে আটকে আছে। ট্রাকগুলো খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে বইগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। ইংরেজি ভার্সনের বই নিয়ে এবার কোনো ধরনের সমস্যা হবে না বলে তিনি আশ্বাস দেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর নূর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় ২০১১ শিক্ষাবর্ষের নতুন বইয়ের নমুনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। এবারের প্রাথমিকের বইগুলো চার রঙে ছাপা হয়েছে। অনুষ্ঠানে বলা হয়, বিশেষ ধরনের (থার্মাল) লেমিনেশন করা বইগুলো শিশুবান্ধব করা হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ছাপানো এসব বইয়ের দাম পড়ছে তুলনামূলকভাবে কম। গতবার দাম ৪৪ টাকা করে পড়লেও এবার তা পড়েছে ২৩ টাকা ২১ পয়সা করে।