মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহে আরও গতি বাড়াতে তদন্ত সংস্থাকে পরামর্শ দিয়েছে সরকার। সরকার চায় জানুয়ারির মধ্যে এ অপরাধের বিচারকাজ শুরু করতে। তাই এর আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাঁদের ইতিমধ্যে আটক করা হয়েছে, বিচার শুরু হওয়ার আগে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি ও আইনজীবীদের সঙ্গে বৈঠকে এসব কথা জানানো হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পাঁচ রাজনীতিবিদের তদন্ত কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়। তাঁরা হলেন—মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মাদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদের চৌধুরী।এ সময় তদন্ত সংস্থার প্রতিনিধিরা জানান, বিচারকাজ যাতে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে হয়, সে চেষ্টা তাঁদের রয়েছে। তাঁরা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে কাজ করে যাচ্ছেন। তবে জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার বিষয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করা হয়। বৈঠকে তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কিছুটা সমস্যার কথা তুলে ধরা হয়। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।বৈঠক বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিচারকাজ শুরু করতে চাই। এ জন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।’ গোলাম আযমকে আটক করা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তাঁকে বাদ দিয়ে বিচারকাজ শেষ হবে, এটা বলা ঠিক হবে না।