প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, ‘সব দলের অংশগ্রহণেই সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন উপহার দিতে চাই। অক্টোবর থেকে জানুুয়ারির মধ্যে নির্বাচন করতে কমিশন কাজ করে চলেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারের পাশে সার্ভার স্টেশনের নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না গেলে কী হবে—এমন এক প্রশ্নে রকিব উদ্দিন বলেন, প্রধান দুটি দলের জ্যেষ্ঠ নেতারা জনগণের পালস বোঝেন। জনস্বার্থে তাঁরা একটি সমঝোতায় পৌঁছাবেন।এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেসব পৌরসভার মেয়াদ শেষ হতে চলেছে, জাতীয় নির্বাচনের আগেই সেখানে নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী পৌর পরিষদের শপথ গ্রহণের পাঁচ বছর মেয়াদ পূর্তির ১৮০ দিন আগেই ভোট গ্রহণের জন্যও কমিশন কাজ করছে। সিইসি বলেন, জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গার তিনটি উপজেলায় সার্ভার বসানো হয়েছে। এক বছরের মধ্যেই জেলা ও সদর উপজেলায় সার্ভার স্টেশন নির্মাণের কাজ শেষ হবে। এরপর ভোটার তালিকা তৈরি ও ছোটখাটো ভুল সংশোধনসহ এ-সংক্রান্ত সেবা নিতে কাউকে ঢাকায় যেতে হবে না। এ সময় জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মজিবর রহমান এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।