আগামী বছরের জানুয়ারির শুরুতেই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সরাসরি দ্বিতীয় মৈত্রী ট্রেন চলাচল করবে বলে আশা করা হচ্ছে।
দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশ-ভারতের প্রথম মৈত্রী ট্রেন চলাচল করছে। দ্বিতীয় মৈত্রী ট্রেনটি চলাচল করবে বেনাপোল সীমান্ত দিয়ে। এ ট্রেন খুলনা থেকে কলকাতা যাওয়া-আসা করবে।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. শামছুজ্জামান প্রথম আলোকে বলেন, জানুয়ারির শুরুতেই কলকাতা-খুলনা দ্বিতীয় মৈত্রী ট্রেন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশের অংশে রেলপথ সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রথম পর্যায়ে সপ্তাহে এক দিন কলকাতা-খুলনার মধ্যে ট্রেনটি চলাচল করবে। সকালে কলকাতা থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে আসবে। বেনাপোল সীমান্তে তল্লাশির পর যাত্রী নামানোর জন্য যশোর রেলওয়ে জংশনে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে। এরপর খুলনার উদ্দেশে ছেড়ে আসবে। বিকেলে খুলনা ও যশোর থেকে যাত্রী নিয়ে ট্রেনটি আবার কলকাতা যাবে। এ ট্রেনে চড়ে প্রতিবার অন্তত ৫০০ যাত্রী দুই দেশের মধ্যে সরাসরি যাতায়াতের সুযোগ পাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেনটি চালুর জন্য ভারতের অংশের রেলপথ ও অবকাঠামোগত সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে পশ্চিমবঙ্গ সরকার।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বেনাপোল রেলওয়ে স্টেশনের পাশে রাজস্ব ভবন, অভিবাসন পুলিশ ভবন ও রেলওয়ে পুলিশ (জিআরপি) ব্যারাক ভবন নির্মাণ এবং রেলপথের ঝিকরগাছা এলাকায় দুই নম্বর লুক লাইন (ট্রেন ক্রসিং লাইন) স্থাপনসহ রেলপথ শক্তিশালীকরণের কাজ চলছে।
রেলওয়ের যশোর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী চাঁদ আহমেদ প্রথম আলোকে বলেন, ১ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিবাসন পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ দুই দেশে যাতায়াত করে। বেনাপোল বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে যশোর থেকে কলকাতায় পৌঁছাতে সাড়ে পাঁচ ঘণ্টার মতো সময় লাগে। এ ট্রেন চলাচল সময় কমবে। সেই সঙ্গে ঝক্কি-ঝামেলাও কমবে।