জানেন না বলে দায় এড়াতে পারেন না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত । ফাইল ছবি
আবুল মাল আবদুল মুহিত । ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব হিসেবে এম আসলাম আলমের বিষয়টি জানা উচিত ছিল বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই তিনি কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদ থেকে কেন এম আসলামকে সরানো হলো? জবাবে মন্ত্রী বলেন, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তিনি (সচিব) কোনোভাবেই জড়িত নন। কিন্তু তিনি যেহেতু সচিব ছিলেন বিষয়টি তাঁর জানা উচিত ছিল। জানেন না বলে তিনি দায় এড়াতে পারেন না। তাই তাঁকে সরানো হলো।
বেসরকারীকরণ কমিশনের সদস্য ইউনুসুর রহমানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে এম আসলাম আলমকে ওএসডি করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর ১৯ বা ২০ মার্চ দায়িত্ব নেবেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি ১৮ মার্চ দেশে ফিরবেন। এরপর বাংলাদেশ ব্যাংকের যাবতীয় বিষয় দেখভাল করবেন।

মন্ত্রী বলেন, নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি গঠনের কাজটি তিনিই (গভর্নর) করবেন। এটি অবশ্য সময়সাপেক্ষ ব্যাপার।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ রাকেশ আস্তানার কাজের পরিধি কমানো হবে।