জানেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর হাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর আটকের বিষয়ে কিছু জানেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এখনো বিষয়টি জানি না। পত্রপত্রিকায় পড়েছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’
‘র’-এর এমন এখতিয়ার আছে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘তাদের সঙ্গে আমাদের বন্দীবিনিময় চুক্তি আছে। কিন্তু এমন কোনো এখতিয়ার তাদের নেই।’

মিল্কী হত্যা মামলা প্রসঙ্গ
গত বছরের ২৯ জুলাই যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কীকে রাজধানীর গুলশানের একটি শপিং কমপ্লেক্সের সামনে গুলি করে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১২ জনকে আসামি করে এ হত্যা মামলার অভিযোগপত্র দেন র্যাব-১-এর তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার কাজিমুর রশিদ। অভিযোগপত্র থেকে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম আরিফসহ নয়জনকে অব্যাহতি দেওয়া হয়। জাহিদুল ও ওয়াহেদুল মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। অভিযোগপত্রে কয়েকজন আসামির নাম বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় মিল্কীর ভাই কায়ছার মিল্কী বলেন, ‘আমরা এ চার্জশিট মানি না। উদ্দেশ্যমূলকভাবে কয়েকজন আসামির নাম বাদ দেওয়া হয়েছে। একটি পক্ষ এ মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’
এ হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিল্কী হত্যার অভিযোগপত্র নিয়ে যদি তাঁর পরিবার সন্তুষ্ট না হয়, তবে পুনরায় তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এ ক্ষেত্রে আদালতের বিষয় রয়েছে, তাই আদালতের নির্দেশ অনুযায়ী কাজটি করা হবে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, র্যাব বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দিয়েছে। যিনি ক্ষতিগ্রস্ত, তাঁর অভিযোগ থাকতেই পারে।’

পুলিশের আটক-বাণিজ্য
পুলিশের আটক-বাণিজ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। আপনারা শিগগিরই জানবেন।’

সাগর-রুনি হত্যাকাণ্ড
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘র্যাবের তদন্ত হচ্ছে। আশা করি, আপনারা একটি ভালো প্রতিবেদন পাবেন।’

তারেক প্রসঙ্গ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘যা নিয়ম আছে, সেভাবেই হবে। আইনের বাইরে কিছু হবে না।’