জান্নাতবাগের যন্ত্রণা মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমিত পরিসর, তবে পরিপাটি, দৃষ্টিনন্দন একটি পার্ক। মোহাম্মদপুরের বিজলী মহল্লার চমক এই পার্ক। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
সীমিত পরিসর, তবে পরিপাটি, দৃষ্টিনন্দন একটি পার্ক। মোহাম্মদপুরের বিজলী মহল্লার চমক এই পার্ক। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

নির্বাচনের দুই বছরে বেশির ভাগ সড়ক আর ড্রেনেজ-ব্যবস্থা সংস্কারের আওতায় এসেছে। এতে মোহাম্মদপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনের এলাকা ও জহুরী মহল্লার জলাবদ্ধতার সমস্যা কমে এলেও এলাকাবাসীর কাছে অস্বস্তি হয়ে আছে জান্নাতবাগ বিজলী মহল্লার জলজট। ওয়ার্ডে একটি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার প্ল্যান্ট) নির্মাণের ফলে বর্জ্য ব্যবস্থাপনাও একটি কার্যকর কাঠামোর মধ্যে এসেছে। তবে পুরোনো সমস্যা হিসেবে রয়ে গেছে তাজমহল রোডের যানজট এবং ওয়ার্ডজুড়ে মাদকের দৌরাত্ম্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে তাজমহল রোড, আজিজ মহল্লা, টিক্কাপাড়া, জান্নাতবাগ, বিজলী মহল্লা ও জহুরী মহল্লা। এসব এলাকায় ২ লাখ লোকের বাস। এর মধ্য অবাঙালির সংখ্যা ১৫ হাজারের বেশি। ভোটার ৩৬ হাজার ৭১৩ জন। ১৯৯৯ সালে একবার আদর্শ ওয়ার্ডের স্বীকৃতি পাওয়া এই ওয়ার্ডে আছে চারটি খেলার মাঠ, একটি করে পার্ক ও কমিউনিটি সেন্টার। আছে একটি কাঁচাবাজার, একটি কৃষিপণ্যের পাইকারি বাজার ও জবাইখানা।

গতকাল রোববার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে কথা হয় এখানকার অন্তত ৩৫ জন বাসিন্দার সঙ্গে। তাঁদের প্রায় প্রত্যেকেই বলেছেন, দুই বছরে ওয়ার্ডের বিবিধ উন্নয়নকাজে তাঁরা সন্তুষ্ট। ক্রমান্বয়ে ওয়ার্ডের সব সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আওতায় আনা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে প্রাপ্ত নাগরিক সেবা নিয়েও কোনো অভিযোগ নেই তাঁদের। তবে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর পাশাপাশি তাঁরা জান্নাতবাগের জলাবদ্ধতার সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেল, জান্নাতবাগের অবস্থান মোহাম্মদপুরের সবচেয়ে নিচু এলাকায়। কাদেরিয়া মাদ্রাসা রোড ধরে সেখানে পৌঁছে দেখা গেল, জান্নাতবাগ শিশু উদ্যান ও ঈদগাহ মাঠে একদল কিশোর ফুটবল খেলছে। এখানকার কয়েকজন বাসিন্দা বললেন, বৃষ্টিতে জলাবদ্ধতা শুরু হয় মূলত এই মাঠের পাম্প হাউসের গোড়া থেকে আটকে পড়া পাকিস্তানিদের রিলিফ ক্যাম্প থেকে আরও একটু এগিয়ে ২৭/১০ নম্বর ভবন পর্যন্ত।

দেখা গেল, পাম্প হাউসের সামনে প্রশস্ত সড়কটির এক পাশে একরাশ আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। গোটা সড়কের এখানে-ওখানে ছোট-বড় গর্ত। এর কোথাও কোথাও পানি জমে আছে। মোহাম্মদ নাসির নামের রিলিফ ক্যাম্পের বাসিন্দা জানালেন, তিনি এখানে ৫০ বছর ধরে বসবাস করছেন। এর মধ্যে ১০-১২ বছর ধরেই দেখছেন যে একটু ভারী বৃষ্টিতেই সড়কটিতে কোমরসমান পানি জমে যায়। সারা দিনেও সেই পানি সরে না।

এহসানুল হক নামে এলাকার আরেক বাসিন্দা বললেন, কিছুদিন আগেই সড়কটি সংস্কার করা হলেও পানি জমে থাকার কারণে আবার নষ্ট হয়ে গেছে। দুই পাশের ড্রেন পরিষ্কার করেও লাভ হয়নি।

জান্নাতবাগসহ হাজি চিনু মিয়া রোড ও টিক্কাপাড়ার বাসিন্দারা জানালেন, মোহাম্মদপুর বালক উচ্চবিদ্যালয়ের সামনেও এমন জলাবদ্ধতা তৈরি হতো। একই অবস্থা ছিল জহুরী মহল্লার। তবে কার্যকর উদ্যোগ নেওয়ার ফলে এই মৌসুমে ওই দুটি জায়গায় আর জলাবদ্ধতা তৈরি হয়নি।

এদিকে ওয়ার্ডের বাসিন্দাদের প্রায় সবারই দুশ্চিন্তার প্রধান কারণ এখন মাদক। তাঁরা বলছেন, ২৯ নম্বর ওয়ার্ডের সীমানায় জেনেভা ক্যাম্পের অবস্থান। সেখান থেকেই মূলত মাদকের বিস্তার ঘটছে বলে অভিযোগ। এলাকার কিশোর-তরুণদের পাশাপাশি অনেক তরুণীও এখন মাদকে আসক্ত হয়ে পড়ছেন।

এ বিষয়ে টিক্কাপাড়ার এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, ‘আমার ছেলেদের দুজনই ইয়াবায় আসক্ত। আপনি চাইলে আমার বাড়ির আশপাশে আরও ২০টি পরিবার আমি দেখিয়ে দিতে পারব, যাদের কেউ না কেউ মাদক নিচ্ছে। এদের মধ্যে মেয়েরাও আছে। ছেলেদের কয়েক দফা চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো জানি এগুলো কোথায় পাওয়া যায়। কারা বিক্রি করে। তাহলে পুলিশ-প্রশাসন কেন জানবে না?’

মাদক নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ’

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন নুরুল ইসলাম রতন। এর আগেও তিনি দুই দফায় এ দায়িত্ব পালন করেছেন। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: দুই বছরে ওয়ার্ডের কোন কোন সমস্যা সমাধানে আপনি সফল হয়েছেন?

কাউন্সিলর: নির্বাচনের আগে এই ওয়ার্ডের প্রধান সমস্যা ছিল জলাবদ্ধতা আর বেহাল সড়ক। দুই বছরে বেশির ভাগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আওতায় আনা গেছে। ওয়ার্ডের ৮০ ভাগ সড়কবাতি এখন কার্যকর আছে। তবে সরকারি বালক বিদ্যালয় ও জহুরী মহল্লার জলাবদ্ধতা নিরসন হলেও জান্নাতবাগের সমস্যা এখনো থেকে গেছে।

প্রথম আলো: এর কারণ কী?

কাউন্সিলর: জান্নাতবাগ মোহাম্মদপুরের সবচেয়ে নিচু এলাকা। এখানকার জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা পাইপ বসানোর কাজও শুরু করেছিলাম। এর জন্য একটি বস্তি উচ্ছেদ করতে হয়। কিন্তু পরে আদালতের নিষেধাজ্ঞার কারণে কাজ স্থগিত রাখতে হয়েছে।

প্রথম আলো: দুই বছরে ওয়ার্ডে মোট কত টাকার কাজ করেছেন?

কাউন্সিলর: ১০ কোটি টাকা বরাদ্দ ছিল। পুরোটাই খরচ করা হয়েছে।

প্রথম আলো: এই মুহূর্তে আপনার সামনে প্রধান চ্যালেঞ্জ কোনটি?

কাউন্সিলর: শুধু এই ওয়ার্ড নয়। গোটা মোহাম্মদপুর এলাকা মাদকে ছেয়ে গেছে। মাদক নিয়ন্ত্রণই এখন মূল চ্যালেঞ্জ। এর জন্য আইনি সহায়তা দরকার। পুলিশ চেষ্টা করলেও সেটা পর্যাপ্ত না। এ ছাড়া ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকঠাক পরিচালনার জন্য অন্তত ১৫ জন কর্মীর ঘাটতি আছে। এটা পূরণ হওয়া দরকার।

প্রথম আলো: আপনার চলতি বছরের পরিকল্পনা কী?

কাউন্সিলর: ওয়ার্ডের চারটি খেলার মাঠ সংস্কার এবং কাঁচাবাজারের আধুনিকায়ন শেষ করা। এ ছাড়া কৃষি মার্কেট সংস্কারের জন্য মেয়রের কাছে বিশেষ বরাদ্দের আবেদন করা হয়েছে। এর আগে ১৯৯৯ সালে এটি সেরা ওয়ার্ডের স্বীকৃতি পেয়েছিল। আমি চাই আমাদের কার্যক্রমের ভেতর দিয়ে আবার সেই সুনাম ফেরত আসুক।