জান্নাতির আইনি সুরক্ষার দাবি ৩১ বিশিষ্টজনের
সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর ঘটনার পর গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রী জান্নাতি হোসেনের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ৩১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, সাংবাদিক, উদ্যোক্তা, আইনজীবী, মানবাধিকারকর্মী, নারীনেত্রীসহ বিশিষ্টজন।
গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে জান্নাতিকে আইনি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও মর্মাহত। নিরীহ একটি পরিবার আর যেন কোনো ভোগান্তির শিকার না হয় এবং দেশের যেকোনো সাধারণ মানুষের মতোই জান্নাতিও যেন আইনি সুরক্ষা পায়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
গত ১১ জুলাই দিবাগত রাতে সিডান গাড়িতে বন্ধু মোস্তামসিরসহ উত্তরা থেকে ধানমন্ডি যাচ্ছিলেন জান্নাতি হোসেন। গাড়ি চালাচ্ছিলেন জান্নাতি। গাড়িটি মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির বাঁ পাশ বিচূর্ণ হয়ে ভেতরে ঢুকে যায়। এতে মারা যান মোস্তামসির।
বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ এনে জান্নাতির বিরুদ্ধে মামলা করে তেজগাঁও থানার পুলিশ। সেই মামলায় ঘটনাস্থল থেকে জান্নাতিকে গ্রেপ্তারও করা হয়। ওই দিন থেকে জান্নাতি কারাগারে আছেন। ঘটনার ১০ দিন পরে ২১ জুলাই মোস্তামসিরের চাচা আওয়ামী লীগের নেতা আবদুল হান্নান বাদী হয়ে জান্নাতি, তাঁর ছোট ভাই জুবায়ের (২১), জুনায়েদ (১৯), তাঁর বাবা দেলোয়ার হোসেন ও জান্নাতির হবু বর রেমন সিদ্দিকীকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।
বিবৃতিতে বলা হয়, এ মামলায় জান্নাতির বিরুদ্ধে কেবল বানোয়াট অভিযোগই আনা হয়নি, তাঁর আইনি সুবিচার পাওয়ার পথও বাধাগ্রস্ত করছেন মোস্তামসীরের প্রভাবশালী পিতা। অথচ এ ঘটনায় পুলিশ যে মামলাটি করেছে, তাতে বলা হয়েছে এটা একটা দুর্ঘটনা। মোস্তামসিরের যে গাড়িটি জান্নাতি চালাচ্ছিলেন, তার ব্রেক ত্রুটিপূর্ণ বলে বিআরটিএ প্রতিবেদন দিয়েছে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিআরা নাসরীন, সাদেকা হালিম, কাবেরী গায়েন ও সামিনা লুৎফা, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, নারীনেত্রী খুশী কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন খন্দকার প্রমুখ।