জান্নাতুল ও নিরবের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি
সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় এক মাসের ব্যবধানে দুটি শিশু হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারসহ সারা দেশে হত্যা, খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনে ‘কামারখন্দ সচেতনবাসী’ ব্যানারে গতকাল সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, অপহরণের পর জান্নাতুল ও নিরবকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
গত ৭ অক্টোবর উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুলকে (৪) উপজেলার প্রধান ডাকঘরের পেছনে নিয়ে হত্যা করে একটি পরিত্যক্ত কূপে ফেলে রাখে অপহরণকারীরা। ঘটনার ১৬ দিন পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করে কামারখন্দ থানার পুলিশ। অপরদিকে ৮ নভেম্বর নিখোঁজ হয় উপজেলার ধলেশ্বর গ্রামের আবদুল বারেক তালুকদারের ৫ বছরের ছেলে নিরব। এর ৫ দিন পর গত রোববার উপজেলার একটি ্চবিদ্যালয়ের পেছন থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ।